সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতককে স্বর্ণের আংটি উপহার দেওয়ার ঘোষণা দিয়েছে ভারতের তামিলনাড়ু রাজ্য সরকার।
তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নেওয়ার দেড় মাসের মাথায় এই ঘোষণা দিলেন জনপ্রিয় অভিনেতা ও রাজনীতিবিদ বিজয় থালাপতি।
বিজয় নেতৃত্বাধীন তামিলাগা ভেট্টি কাজাঘাম (টিভিকে) সরকার এ জন্য ৭৫৫ দশমিক ৮৩ কোটি টাকা বরাদ্দও করেছে। এই প্রকল্পের নাম দেওয়া হয়েছে ‘থাই মামান গোল্ড রিং স্কিম’।
তামিল সরকারের জারি করা বিবৃতি অনুসারে, আগামী ২২ জুন মুখ্যমন্ত্রী বিজয় থালাপতির জন্মদিন।
এদিন থেকে তামিলনাড়ু রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া নবজাতককে এক গ্রাম ওজনের স্বর্ণের আংটি উপহার দেওয়া হবে।
তবে আনুষ্ঠানিকভাবে প্রকল্পের উদ্বোধন হবে আগামী ১৫ সেপ্টেম্বরে সাবেক মুখ্যমন্ত্রী সিএন আন্নাদুরাইয়ের জন্মদিনে।
টিভিকে সরকারের নির্বাচনী ইশতেহারের এই কর্মসূচির জন্য বছরে ৭৫৫ দশমিক ৮৩ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, এই প্রকল্পের উদ্দেশ্য হলো সরকারি হাসপাতালে জন্মগ্রহণকারী প্রতিটি শিশু ও তাদের মায়েদের সম্মান জানানো। তামিলনাড়ু সরকার মাতৃ ও শিশু কল্যাণের উন্নয়নে উচ্চ অগ্রাধিকার দিয়ে আসছে।
তামিল সমাজে ‘থাই মামান সির’ নামে একটি প্রচলিত রীতি রয়েছে। সেখানে নবজাতককে আশীর্বাদ ও উপহার দেন তার মামা। সেই সাংস্কৃতিক ঐতিহ্য থেকেই অনুপ্রাণিত হয়ে রাজ্যের সরকার এই প্রকল্প চালু করতে চলেছে বলেই দাবি করেছে বিজয়ের প্রশাসন।