Image description

টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের জন্য আগেই বড় অঙ্কের প্রাইজমানি ঘোষণা করে রেখেছিল আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। তবে ২০২৪ আসরের তুলনায় এবারের টুর্নামেন্টে পুরস্কারের অর্থ প্রায় ২০ শতাংশ বাড়ানো হয়।

এবার সব মিলিয়ে মোট প্রাইজমানি প্রায় ১৩ দশমিক ৫ মিলিয়ন মার্কিন ডলার ছিল, বাংলাদেশি মুদ্রায় প্রায় ১৬৪ কোটি টাকার বেশি। এর মধ্যে কেবল চ্যাম্পিয়নদের জন্যই প্রায় ৩ মিলিয়ন মার্কিন ডলার বরাদ্দ রাখে বিশ্ব ক্রিকেটের নিয়ন্তা সংস্থাটি। অর্থাৎ শিরোপা জিতে বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৩৬ কোটি টাকা পাচ্ছে ভারত। আর রানার্সআপ নিউজিল্যান্ড প্রায় ১ দশমিক ৬ মিলিয়ন মার্কিন ডলার পাচ্ছে (প্রায় ১৯ কোটি ৩৬ লাখ টাকার সমান)। 

এদিকে সেমিফাইনাল থেকে বিদায় নেওয়া দলগুলোও প্রায় ৭ লাখ ৯০ হাজার মার্কিন ডলার করে পাচ্ছে। অর্থাৎ শেষ চার থেকে বিদায় নেওয়া ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা বাংলাদেশি মুদ্রায় সাড়ে ৯ কোটি টাকার বেশি করে পাচ্ছে। 

অন্যদিকে সুপার এইটে জায়গা করে নেওয়া প্রতিটি দলের জন্য প্রায় ৩ লাখ ৮০ হাজার মার্কিন ডলার করে বরাদ্দ রেখেছিল আইসিসি। অর্থাৎ জিম্বাবুয়ে, শ্রীলঙ্কা, ওয়েস্ট ইন্ডিজ ও পাকিস্তান প্রায় ৪ কোটি ৬০ লাখ টাকার সমান করে পাচ্ছে। 

এ ছাড়া গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া বাকি দলগুলোর প্রত্যেককে প্রায় ২ লাখ ৫০ হাজার মার্কিন ডলার দেওয়া হচ্ছে, অর্থাৎ বাংলাদেশি মুদ্রায় প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকার সমান। অর্থাৎ বাংলাদেশের পরিবর্তে বিশ্বকাপে অংশ নেওয়া স্কটল্যান্ডও প্রায় ৩ কোটি ২ লাখ ৫০ হাজার টাকা পাচ্ছে।