Image description

১৫ আগস্টের পর ক্ষমতায় আসছে আওয়ামী লীগ, বিদায় নিচ্ছে বিএনপি সরকার- এ বিষয়ে প্রস্তুতি নিতে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, কৃষক লীগ, ছাত্রলীগ যুবলীগ এবং তাদের অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের নিয়ে গোপন বৈঠক করেছেন রংপুর-২ (বদরগঞ্জ-তারাগঞ্জ) আসনের আওয়ামী লীগের সাবেক পলাতক এমপি ডিউক চৌধুরীর ছোট ভাই বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবির পরিচালক (অর্থ ও প্রশাসন) আবুল হাসনাত চৌধুরী চন্দন।

 

২৭ মে বুধবার বিকেলে রংপুরের বদরগঞ্জ পৌরসভার কেন্দ্রীয় শহীদ মিনার সংলগ্ন চৌধুরী ফার্মেমির ভেতরের বৈঠক ঘরে অতি গোপন বৈঠকটি অনুষ্ঠিত হয়।

 

বৈঠক উপস্থিত আওয়ামী লীগের ইউনিয়ন পর্যায়ের এক নেতা নাম প্রকাশ না করা শর্তে বলেন, ‘সাবেক এমপি ডিউক চৌধুরীর ছোট ভাই টিসিবির বড় কর্মকর্তা আবুল হাসনাত চৌধুরী চন্দন বিভিন্ন এলাকার আওয়ামী লীগের নেতাকর্মীদের বাসায় ডেকে কুশল বিনিময় শেষে কয়েকজন নেতাকে নিয়ে তার পিতা জাহিদুল হক চৌধুরীর ওষুধের দোকান চৌধুরী ফার্মেসি সংলগ্ন বৈঠক ঘরে বসে বিএনপি সরকারের বর্তমান কার্যকলাপ এবং আওয়ামী লীগের নেতাকর্মীদের নামে হওয়া মামলাসহ বিভিন্ন বিষয় নিয়ে আলাপ-আলোচনা করেন।

সেখানে চন্দন চৌধুরীর সামনে নেতাকর্মীরা বলেন, বর্তমান বিএনপির যে অবস্থা সেক্ষেত্রে আপনারা প্রস্তুতি নেন সামনে ১৫ আগস্ট আওয়ামী লীগ সরকার ক্ষমতায় আসছে। কারণ বর্তমান বিএনপি সরকারের কার্যকলাপ জনগণ পছন্দ করছে না। অপর দিকে ভারত সরকার আওয়ামী লীগকে পুরোপুরি সাপোর্ট করছে।

আমাদেরকে যতই নিষিদ্ধ করুক না কেন মাঠে নামলে বিএনপি সরকার এক মুহূর্ত টিকতে পারবে না। তাছাড়া প্রশাসনেও আমাদের অনেক কর্মকর্তা রয়েছেন, যারা আমাদেরকে ভেতরে ভেতরে সাহায্য-সহযোগিতা করবেন। তাই ভয় পাওয়ার কিছু নেই। আপনারা প্রস্তুতি নেন অতি দ্রুত বিএনপির পতন হবে এবং আওয়ামী লীগ আবারও ক্ষমতায় ফিরে আসবে। এ বিষয়টি নেতাকর্মীদের জানিয়ে দেওয়ার জন্য উপস্থিত নেতাকর্মীরা আমাদেরকে নির্দেশনা দেন।

বৈঠকে উপস্থিত ছিলেন, যুবলীগের উপজেলা সভাপতি জুলাই ছাত্র-জনতা হামলা এবং নাশকতা মামলার আসামি পলিন চৌধুরী, জেলা যুবলীগের সদস্য সাবেক বদরগঞ্জ উপজেলা সভাপতি আকরাম আলী সরকার, উপজেলা কৃষকলীগের সভাপতি আব্দুল মান্নান ভাটিয়া, জেলা আওয়ামী লীগের সদস্য ও উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বদরগঞ্জ হাইস্কুলের শিক্ষক ফারুক হোসেন, পৌর যুবলীগের সদস্য আবু মিয়া, সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান রেজাউল করিম পান্নাসহ উপজেলা পৌরসভা এবং ইউনিয়নের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা।

চৌধুরী ফার্মেসির পার্শ্ববর্তী এক দোকানদার নাম প্রকাশ না করা শর্তে বলেন, বাংলাদেশ ট্রেডিং কর্পোরেশন টিসিবির বড় কর্মকর্তা এমপি ডিউক চৌধুরীর ছোট ভাই আবুল হাসনাত চৌধুরী চন্দন প্রায় সময় সরকারি গাড়ি নিয়ে ঢাকা থেকে সরাসরি বাড়িতে আসেন। বাড়িতে এসেই তিনি বিভিন্ন এলাকা নেতাকর্মীদের নিয়ে প্রায় সময় তাদের ফার্মেসির পেছনে বড় একটি চেম্বারে আড্ডায় মাতেন। তবে ভেতরে তারা কী আলোচনা করেন সে বিষয়টি তিনি জানেন না বলে জানান।

তবে এ বিষয়ে বাংলাদেশ ট্রেডিং করপোরেশন টিসিবির পরিচালক আবুল হাসান চৌধুরী চন্দনের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করে বারবার কেটে দেন। পরবর্তী সময়ে তার হোয়াটসঅ্যাপে মেসেজ দেওয়া হলেও তিনি কোনো উত্তর দেননি।

এ বিষয়ে উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক আজিজুল হক জানান, নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগের মিটিং করার কোনো এখতিয়ার নেই। তার পরেও যদি তারা গোপনে কোনো মিটিং করে থাকেন, সে বিষয়টি অবশ্যই প্রশাসনকে জানানো উচিত এবং প্রশাসন যেন দ্রুত তাদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ গ্রহণ করেন।

এ ব্যাপারে বদরগঞ্জ থানার অফিসার ইনচার্জ জাহিদ হাসান সরকার বলেন, ‘নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্রলীগ থেকে শুরু করে কারো কোনো বৈঠক করার অধিকার নেই। যদি কেউ গোপনে কোনো বৈঠক করে থাকে, আমরা জানতে পারলে অবশ্যই তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেব।’