বাংলাদেশি বংশোদ্ভূত ফুটবলারদের জাতীয় দলে অন্তর্ভুক্ত করার যে প্রক্রিয়া বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) শুরু করেছিল, তা আরেক ধাপ এগিয়েছে।
আগামী ২৩ মার্চ মালদ্বীপে শুরু হতে চলা সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে যুক্তরাষ্ট্রে জন্ম নেওয়া যমজ দুই ভাই রোনান সুলিভান ও ডেকলান সুলিভানের বাংলাদেশের জার্সিতে খেলার জোরালো সম্ভাবনা তৈরি হয়েছে।
বাফুফের সহ-সভাপতি ফাহাদ করিম জানিয়েছেন, ১৮ বছর বয়সী এই দুই ভাইয়ের বাংলাদেশি পাসপোর্ট পাওয়ার প্রক্রিয়া এখন শেষ পর্যায়ে রয়েছে। সব আনুষ্ঠানিকতা সময়মতো শেষ হলে সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপেই তাদের দলে পাওয়া যাবে বলে তিনি আশা প্রকাশ করেছেন।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক ভিডিও বার্তায় ফাহাদ করিম বলেছেন, ‘আমরা আগে থেকেই বলে আসছিলাম যে, বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু খেলোয়াড়কে নিয়ে আমরা কাজ করছি। সুলিভানদের ক্ষেত্রে অধিকাংশ গুরুত্বপূর্ণ ধাপ এরই মধ্যে সম্পন্ন হয়েছে।’
ফাহাদ আরো জানিয়েছেন, যমজ ভাইদের জন্মসনদ সংগ্রহ ও যাচাইয়ের কাজ শেষ হয়েছে এবং পাসপোর্টের আবেদনের জন্য প্রয়োজনীয় কাগজপত্রও প্রস্তুত করা হয়েছে। এখন শুধু নিউইয়র্কে অবস্থিত বাংলাদেশের মিশনে আনুষ্ঠানিকভাবে আবেদনপত্র জমা দেওয়ার কাজটুকু বাকি, যা এই সপ্তাহের মধ্যেই সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে।
এই প্রসঙ্গে তিনি বলেছেন, ‘আবেদন জমা দেওয়ার পর আশা করছি দ্রুতই পাসপোর্ট ইস্যু করা হবে। সবকিছু ঠিক থাকলে তারা আগামী ১৪ বা ১৫ মার্চের দিকে ঢাকায় পৌঁছাতে পারে।’
রোনান ও ডেকলান তাদের নানির সূত্রে বাংলাদেশের হয়ে খেলার যোগ্যতা অর্জন করেছেন। তাদের নানি সুলতানা আলম বাংলাদেশি।
রোনান ও ডেকলানের দুই ভাই কুইন সুলিভান ও কাভান সুলিভান অবশ্য যুক্তরাষ্ট্রের ফুটবল কাঠামোতেই থিতু হয়েছেন এবং সেখানেই তাদের ক্যারিয়ার গড়ে তুলছেন।