সুপার এইট পর্বের জটিল অঙ্ক এখন এসে ঠেকেছে এক জায়গায়। ইংল্যান্ডের কাছে নিউজিল্যান্ডের হারের পর টি–টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের সেমিফাইনাল স্বপ্ন পুরোপুরি নিভে যায়নি। তবে শেষ ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে তাদের সামনে এখন স্পষ্ট ও কঠিন সমীকরণ—জিততেই হবে, আর জিততে হবে বড় ব্যবধানে।
গ্রুপ–২ থেকে ইতিমধ্যে সেমিফাইনাল নিশ্চিত করেছে ইংল্যান্ড। অন্য একমাত্র জায়গাটি নিয়ে লড়াইয়ে আছে নিউজিল্যান্ড ও পাকিস্তান। সুপার এইট শেষ করেছে নিউজিল্যান্ড ৩ পয়েন্ট ও +১.৩৯০ নেট রান রেট নিয়ে। পাকিস্তানের ঝুলিতে এখন ১ পয়েন্ট, নেট রান রেট -০.৪৬১। তাদের হাতে আছে একটি ম্যাচ।
সমীকরণ মতে, পাকিস্তান যদি শ্রীলঙ্কাকে হারিয়ে ৩ পয়েন্টে পৌঁছায়, তবে নিউজিল্যান্ডের সঙ্গে সমান পয়েন্ট হবে। তখন নির্ধারণী হবে নেট রান রেট। সেই হিসাবেই সামনে এসেছে ৬৫ রানের চ্যালেঞ্জ।
বিশ্বকাপের অফিসিয়াল ব্রডকাস্টার স্টার স্পোর্টসের মতে পাকিস্তান যদি আগে ব্যাট করে, তাহলে শ্রীলঙ্কাকে প্রায় ৬৫ রানের বড় ব্যবধানে হারাতে হবে। আর যদি রান তাড়া করে, তাহলে লক্ষ্য পেরোতে হবে আনুমানিক ১৩ ওভারের মধ্যে। এর কম কিছু হলে নেট রান রেটে এগিয়ে থাকবে নিউজিল্যান্ডই।
এর আগে পাকিস্তান–নিউজিল্যান্ড ম্যাচ বৃষ্টিতে পরিত্যক্ত হওয়ায় দুই দলই পেয়েছিল ১ পয়েন্ট করে। পরে নিউজিল্যান্ড শ্রীলঙ্কাকে হারিয়ে পয়েন্ট বাড়ালেও পাকিস্তান হেরে বসে ইংল্যান্ডের কাছে। ফলে শেষ ম্যাচের আগে অঙ্কটা কঠিন হয়ে দাঁড়িয়েছে।
তবে আশার আলো একটাই—সবকিছু এখন পাকিস্তানের হাতে। বড় জয় পেলেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত, না হলে বিদায়।
শেষ ম্যাচেই তাই মেন ইন গ্রিনদের সামনে ‘ডু অর ডাই’ লড়াই। শুধু জিতলেই হবে না, জিততে হবে দাপট দেখিয়ে।
সূত্র : এনডিটিভি