Image description

চেন্নাইয়ের এম এ চিদাম্বরম স্টেডিয়ামে ‘বাঁচা-মরার’ ম্যাচে দাপুটে জয় তুলে নিয়ে সেমিফাইনালের লড়াইয়ে টিকে থাকল ভারত। টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬–এর সুপার এইটে জিম্বাবুয়েকে ৭২ রানে হারিয়ে প্রথম জয় পেল স্বাগতিকরা। এই ফলেই টুর্নামেন্ট থেকে ছিটকে গেল জিম্বাবুয়ে, আর নিশ্চিত হলো দক্ষিণ আফ্রিকার শেষ চারে ওঠা।

 

২৫৭ রানের বিশাল লক্ষ্য তাড়া করতে নেমে জিম্বাবুয়ে ২০ ওভারে করতে পারে ৬ উইকেটে ১৮৪। ভারতের ঝড়ো ব্যাটিংয়ে ম্যাচের নিয়ন্ত্রণ নেওয়ায় আগে টস জিতে ফিল্ডিং নেওয়ার সিদ্ধান্ত শেষ পর্যন্ত বুমেরাং হয় জিম্বাবুয়ের জন্য।

 

টস হেরে নতুন ওপেনিং জুটি সঞ্জু স্যামসন ও অভিষেক শর্মা দ্রুতগতির সূচনা করেন। চতুর্থ ওভারে স্যামসন (১৫ বলে ২৪) ফিরলেও অভিষেক থামেননি। ইশান কিশানের (২৪ বলে ৩৮) সঙ্গে ৭২ রানের জুটি গড়ে ইনিংস বড় করেন তিনি।

 

প্রথম তিন ম্যাচে শূন্য রানে আউট হওয়া অভিষেক এদিন ৩০ বলে ৫৫ রান করে জবাব দেন সমালোচনার। চারটি চার ও চারটি ছক্কায় সাজানো ইনিংসটি ভারতের ভিত গড়ে দেয়।

 

এরপর সূর্যকুমার যাদব ১৩ বলে ৩৩ রানের ঝড়ো ক্যামিও খেলেন। শেষদিকে তিলক বর্মা (১৬ বলে অপরাজিত ৪৪) ও হার্দিক পান্ডিয়া (২৩ বলে অপরাজিত ৫০) পঞ্চম উইকেটে ৮৪ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে স্কোর নিয়ে যান ৪ উইকেটে ২৫৬–এ।

 

বড় লক্ষ্য তাড়া করতে নেমে প্রথম থেকেই চাপে পড়ে জিম্বাবুয়ে। আর্শদীপ সিং চার ওভারে ২৪ রানে ৩ উইকেট নিয়ে শুরুতেই ধাক্কা দেন। ভারুণ চক্রবর্তী, শিভম দুবে ও অক্ষর প্যাটেল একটি করে উইকেট নেন।

 

ডানহাতি ওপেনার ব্রায়ান বেনেট একাই প্রতিরোধ গড়েন। ৫৯ বলে অপরাজিত ৯৭ রানের ইনিংসে আটটি চার ও ছয়টি ছক্কা হাঁকান তিনি। মারুমানি (২০) ও রাজা (৩১) কিছুটা সঙ্গ দিলেও ম্যাচ ফেরানোর মতো জুটি গড়া হয়নি।

 

এই জয়ে ভারতের পয়েন্ট দাঁড়াল দুই ম্যাচে দুই। রোববার (০১ মার্চ) কলকাতায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তাদের শেষ সুপার এইট ম্যাচ এখন কার্যত কোয়ার্টার ফাইনাল—জয়ী দলই পাবে সেমির টিকিট।

 

ভারতের জন্য সমীকরণ স্পষ্ট: আরেকটি জয়, আর শেষ চার।