২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে হাই-ভোল্টেজ ম্যাচ বয়কট করার সিদ্ধান্তে অনড় পাকিস্তান। তবে ভারতের কিংবদন্তি স্পিনার রবিচন্দ্রন অশ্বিন মনে করছেন, শেষ পর্যন্ত পাকিস্তান তাদের এই সিদ্ধান্ত থেকে পিছু হটতে বাধ্য হবে। অশ্বিনের মতে, আগামী ৪-৫ দিনের মধ্যেই পরিস্থিতির পরিবর্তন ঘটবে এবং ১৫ ফেব্রুয়ারির বহুল প্রতীক্ষিত ম্যাচটি মাঠে গড়াবে।
নিজের ইউটিউব চ্যানেলে এক আলোচনায় অশ্বিন আত্মবিশ্বাসের সঙ্গে বলেন, ‘আমি ১০০ ভাগ নিশ্চিত যে ম্যাচটি হবে।
অশ্বিনের মতে, নিরপেক্ষ ভেন্যুতে (শ্রীলঙ্কা) খেলা হওয়ায় নিরাপত্তার কোনো অজুহাত এখানে খাটবে না। তিনি আরও যোগ করেন, ‘কোনো নির্দিষ্ট প্রতিপক্ষের বিরুদ্ধে খেলব না বলাটা গ্রহণযোগ্য নয়।
পাকিস্তান যদি ভারত ম্যাচ বয়কট করে, তবে বড় ধরনের আর্থিক জরিমানার মুখে পড়বে পিসিবি। টুর্নামেন্টের ব্রডকাস্টার 'জিওস্টার' বিপুল লোকসানের কারণে আইনি ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি নিচ্ছে। অশ্বিন বলেন, ‘পাকিস্তান না খেললে সব সদস্য দেশই আর্থিক ক্ষতির মুখে পড়বে এবং আইসিসি সভায় তারা পাকিস্তানের বিরুদ্ধেই অভিযোগ তুলবে।
এমনকি আইসিসি পাকিস্তানের জন্য বরাদ্দ বার্ষিক আয়ের প্রায় ৩৫ মিলিয়ন ডলার দিয়ে ব্রডকাস্টারদের ক্ষতিপূরণ মেটাতে পারে।
অশ্বিন একটি নতুন আশঙ্কার কথা তুলে ধরেছেন। তিনি মনে করেন, এই সংকটের প্রভাব পাকিস্তানের ঘরোয়া লিগ পিএসএল-এও পড়তে পারে। আন্তর্জাতিক ক্রিকেটে পাকিস্তানের অনমনীয় মনোভাবের কারণে অন্যান্য দেশের ক্রিকেটারদের পিএসএল-এ খেলার জন্য এনওসি বা অনাপত্তিপত্র না দেওয়ার সম্ভাবনা তৈরি হতে পারে।
পাকিস্তানের বর্তমান পরিস্থিতি বিশ্লেষণ করে অশ্বিন মন্তব্য করেন, ‘পাকিস্তানের বড় শত্রু তারা নিজেই।
ভারত ও শ্রীলঙ্কার যৌথ আয়োজনে ৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া এই বিশ্ব আসরের ফাইনাল অনুষ্ঠিত হবে ৮ মার্চ।