নির্বাচনী প্রচারণার সময় মহিলাদের ওপর নগ্ন হামলা, হেনস্তা ও কটুক্তির প্রতিবাদে মহিলা জামায়াতের নারীদের অংশগ্রহণে সিরাজগঞ্জে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল থেকেই জেলা শহরের বাজার স্টেশনে সিরাজগঞ্জ-২ (সদর-কামারখন্দ) আসনের জামায়াতে ইসলামীর মহিলা বিভাগের আয়োজনে নারীরা একত্রিত হতে শুরু করেন। এরপর বিভিন্ন প্রান্ত থেকে নারীরা মিছিলে যোগ দেন।
পূর্বঘোষিত কর্মসূচির অংশ হিসেবে ঠিক বেলা ১১টায় বিক্ষোভ মিছিল শুরু হয়। সিরাজগঞ্জের ইতিহাসে জামায়াতে ইসলামীর এত বড় নারী জমায়েত এর আগে কখনো দেখা যায়নি।
মিছিলটি জেলা শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে নারীদের ওপর হওয়া হেনস্তার প্রতিবাদ জানানো হয়। এ সময় তারা দাঁড়িপাল্লা মার্কায় ভোট প্রার্থনা করেন।
বিক্ষোভ মিছিলে অংশ নেওয়া কয়েকজনের সঙ্গে কথা বলে ঢাকা পোস্টকে বলেন, জামায়াতে ইসলামী লোক দেখানো কাজ করে না। জামায়াতে ইসলামীকে ভালোবাসে, এমন হাজার হাজার নারী আছে। আমাদের ভালোবাসা অন্তরে। আজ হাজারো নারীর অংশগ্রহণ অবশ্যই সিরাজগঞ্জবাসীর সকল প্রশ্নের জবাব দিয়ে দেবে।
স্থানীয় মজিবর রহমান ঢাকা পোস্টকে বলেন, সিরাজগঞ্জে রয়েছি প্রায় ২০ বছর ধরে। আমার জীবনে আমি এতো নারীদের একত্রিত হতে দেখিনি।
রিকশাচালক সুজিত সরকার ঢাকা পোস্টকে বলেন, আমি ভেবেছিলাম জামায়াতের সব ছেলে মানুষ, নারীরা নেই। আজ আমাদের ভুল ভেঙে গেছে। এত বড় জমায়েত দেখিনি।