বাগেরহাট-১, ২ ও ৩ আসনের স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিমের নির্বাচনী প্রচার প্রচারণায় বাধা, অফিসে তালা ও ভাঙচুরের অভিযোগ উঠেছে।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম সংবাদ সম্মেলনে এই অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম, মাহবুবুর রহমান টুটুলসহ বিভিন্ন নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
সাবেক সংসদ সদস্য ও স্বতন্ত্র প্রার্থী এমএএইচ সেলিম বলেন, বাগেরহাট-২ (সদর ও কচুয়া) আসনে আমাদের নির্বাচনী প্রচার প্রচারণায় কিছু সন্ত্রাসী বাহিনী বাধা দিচ্ছে, আমাদের নির্বাচনী অফিসে আগুন লাগিয়েছে। আমাদের প্রচারণার মাইক ভাঙচুর করেছে, যাত্রাপুর নির্বাচনী অফিসে তালা লাগিয়েছে। এ বিষয়ে পুলিশ প্রশাসন ও জেলা রিটার্নিং কর্মকর্তার নিকট অভিযোগ দিয়েও কোনো প্রতিকার পাইনি। এ অবস্থা বিরাজ করলে নির্বাচনে কোন লেভেল প্লেয়িং ফিল্ড থাকবে না। প্রধান নির্বাচন কমিশনের কাছে আগামী সংসদ নির্বাচনে সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানান তিনি।
জেলা রিটার্নিং কর্মকর্তা ও জেলা প্রশাসক গোলাম মো. বাতেন বলেন, আমরা অভিযোগ পাওয়ার পরে ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি।