Image description

সরকারের অনুমতির ওপরই আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ নিয়ে সিদ্ধান্ত নির্ভর করছিল। সেই অনুমতি রবিবার (২ ফেব্রুয়ারি) পাওয়ার পর টুর্নামেন্টে অংশ নেওয়ার প্রস্তুতি নেয় পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তবে অংশ নিলেও গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচটি না খেলার সিদ্ধান্তে অটল তারা।  

এই ম্যাচটি বয়কট করলেও পাকিস্তানের সামনে পরের রাউন্ডে ওঠার সম্ভাবনা একেবারে শেষ হয়ে যাবে না। ভারতের বিপক্ষে ম্যাচের পয়েন্ট ছেড়ে দিলেও গ্রুপের বাকি ম্যাচগুলোতে জিততে পারলে নকআউট পর্বের টিকিট পাওয়ার সুযোগ থাকবে। তবে সে ক্ষেত্রে অন্য দলগুলোর, বিশেষ করে ভারতের ফলের দিকেও নজর রাখতে হবে।

যদি সব হিসাব মিলিয়ে পাকিস্তান নকআউট পর্বে পৌঁছে যায়, তাহলে সেখানে আবার ভারতের মুখোমুখি হওয়ার সম্ভাবনাও তৈরি হবে। তখনও কি একই সিদ্ধান্ত বহাল থাকবে, এমন প্রশ্নই এখন সামনে আসছে। বিষয়টি নিয়ে প্রশ্ন তুলেছেন ভারতীয় ধারাভাষ্যকার হার্শা ভোগলেও।

তার ভাষ্য, ‘পাকিস্তান যদি বিশ্বকাপে যায় কিন্তু ভারতের বিপক্ষে না খেলে তাহলে আইসিসি কী প্রতিক্রিয়া দেখায় সেটা দেখার অপেক্ষায় আছি। আমি আইনগত অবস্থান সম্পর্কে বা অগ্রাধিকার কীভাবে কার্যকর হয় তা জানি না। যাই হোক, ভারত-পাকিস্তান ফাইনাল হলে কী হবে?’

এ নিয়ে পিসিবির এক কর্মকর্তা সংবাদসংস্থা পিটিআইকে জানিয়েছেন, এক্ষেত্রেও সরকারের সিদ্ধান্তই মেনে চলবেন তারা। তিনি বলেন, ‘পাকিস্তান যে ১৫ ফেব্রুয়ারি ভারতের বিপক্ষে খেলবে না সেই সিদ্ধান্ত পাকিস্তানের সরকার নিয়েছে। ফলে নক আউট পর্বে যদি ভারত-পাকিস্তান মুখোমুখি হয়, সে ক্ষেত্রে কী হবে, সেই সিদ্ধান্তও সরকার নেবে। সরকার যা নির্দেশ দেবে আমরা সেটাই মেনে চলব।’