Image description

ফুটবল মাঠে অনুশীলন করতে গিয়ে বজ্রপাতে প্রাণ হারিয়েছেন আর্জেন্টিনার ৩৪ বছর বয়সী ফুটবলার ইভান মিয়ের্স। একই ঘটনায় আহত হয়েছেন তার সতীর্থ হুয়ান রোমেরো।

শুক্রবার (২০ নভেম্বর) স্থানীয় সময় বিকেল ৩টার দিকে আর্জেন্টিনার উত্তরাঞ্চলীয় ফোরমোসা প্রদেশের রাজধানীতে এ দুর্ঘটনা ঘটে।

 

আর্জেন্টিনার সংবাদমাধ্যম এলএন+ ও ইনফোবায়ের প্রতিবেদনে বলা হয়েছে, টর্নেও আর্জেন্টিনোর গুরুত্বপূর্ণ ম্যাচ সামনে রেখে ক্লাব স্পোর্তিভো পাতরিয়ার হয়ে অনুশীলন করছিলেন মিয়ের্স। প্রস্তুতির অংশ হিসেবে মাঠে একটি প্রীতি ম্যাচেও অংশ নিচ্ছিলেন তিনি।

 

ক্লাবটির প্রধান কোচ হুয়ান কার্লোস এরমোসির ভাষ্য অনুযায়ী, অনুশীলনের একপর্যায়ে আকাশ মেঘলা হয়ে আসে এবং হালকা বৃষ্টি শুরু হয়। এ সময় মিয়ের্সের খুব কাছেই বজ্রপাত আঘাত হানে। ঘটনাস্থলের কাছেই ছিলেন তার সতীর্থ হুয়ান রোমেরো। বজ্রপাতের আঘাতে তিনিও আহত হন।

ঘটনার পর মাঠেই দুজনকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। পরে সতীর্থরা ব্যক্তিগত গাড়িতে করে তাদের ফোরমোসার সেন্ট্রাল হাসপাতালে নিয়ে যান। দুজনকেই নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) ভর্তি করা হয়েছিল। তবে চিকিৎসাধীন অবস্থায় কয়েক ঘণ্টা পর মারা যান মিয়ের্স। আহত রোমেরো এখনো হাসপাতালে চিকিৎসাধীন। চিকিৎসকেরা তার শারীরিক অবস্থা নিয়ে সতর্ক অবস্থানে রয়েছেন।

ফোরমোসায় জন্ম নেওয়া মিয়ের্স ছিলেন একজন রক্ষণভাগের খেলোয়াড়। ক্যারিয়ারে স্থানীয় ক্লাব সান মার্তিন, সান লোরেঞ্জো ও ভিয়া দেল রোসারিওর হয়ে খেলেছেন তিনি। সম্প্রতি কর্দোবা প্রদেশের ক্লাব সিলভিও পেলিকোর হয়ে খেলছিলেন। পরে নিজ এলাকার ক্লাব স্পোর্তিভো পাতরিয়াকে সহায়তা করতে ফোরমোসায় ফিরে আসেন।