Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের তফসিল ঘোষণা ও সিনেট অধিবেশন আহ্বানের দাবিতে টানা অবস্থান কর্মসূচি চলছে। এই দুই দাবিতে টানা ষষ্ঠ দিনের মতো আন্দোলন করছেন ‘রাবি সংস্কার আন্দোলন’ ও ‘মঞ্চ ২৪’-এর নেতাকর্মীরা।

কর্মসূচি চলাকালে রোববার (২২ নভেম্বর) সকালে অসুস্থ হয়ে পড়েন মঞ্চ ২৪-এর সাংগঠনিক সম্পাদক আলি ইমরান জিহাদ। তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সকাল ১০টা থেকে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে এ কর্মসূচি শুরু হয়। প্রতিবেদন লেখা পর্যন্ত তাঁদের অবস্থান চলছিল।

রাবি সংস্কার আন্দোলনের সদস্যসচিব আরিফ আলভি বলেন, ‘সকালে আমাদের এক সহযোদ্ধা জিহাদ অসুস্থ হয়ে পড়েন। পরে উপাচার্যের সহকারী মেডিকেল সেন্টার থেকে চিকিৎসককে ডেকে আনেন। চিকিৎসক পরীক্ষা করে তাঁকে স্যালাইন দেওয়ার পরামর্শ দেন। কিন্তু রাজশাহী বিশ্ববিদ্যালয় মেডিকেল সেন্টারে স্যালাইন দেওয়ার মতো ন্যূনতম সুবিধাটুকুও নেই। এটি অত্যন্ত দুঃখজনক।’

তিনি আরও বলেন, ‘বৈরী আবহাওয়া উপেক্ষা করে ছয় দিন ধরে আমরা এখানে অবস্থান করছি, রাত কাটাচ্ছি। আমাদের কষ্ট হচ্ছে, তবে দাবি আদায় না হওয়া পর্যন্ত এখান থেকে সরব না।’

প্রশাসনের ভূমিকা নিয়ে আরিফ আলভি বলেন, ‘প্রক্টর স্যার দু-একবার কথা বলেছেন এবং ছাত্র উপদেষ্টাও কথা বলেছেন। কিন্তু উপাচার্য ও দুই উপ-উপাচার্যের পক্ষ থেকে প্রত্যাশিত আন্তরিকতা দেখতে পাইনি।’

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. আব্দুল আলিম বলেন, ‘আন্দোলনেরও একটি ধরন আছে। বাংলাদেশের অন্য কোথাও এমনটা হয় না। রাজশাহী বিশ্ববিদ্যালয়েই দেখি, গুটিকয়েক শিক্ষার্থী বারবার বিভিন্ন ইস্যুতে ক্যাম্পাসে এ ধরনের কর্মসূচি পালন করছেন।’