Image description

যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজিত দেশ বলে বর্ণনা করেছেন ইরানের সর্বোচ্চ জাতীয় নিরাপত্তা পরিষদের সচিব মোহসেন রেজাই। তার দাবি, যুক্তরাষ্ট্র এখন আর বিশ্বের ওপর নিজের শর্ত চাপিয়ে দেওয়ার অবস্থানে নেই। ইরানের বিরুদ্ধে যুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের পরাজয়ের পর বৈশ্বিক ব্যবস্থা বদলে গেছে বলেও তিনি দাবি করেন।

 

এক্সে এক পোস্টে রেজাই বলেন, ২০২৬ সালের ইরান আর ১৯৪৩ সালের তেহরান সম্মেলন ও ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনের সময়কার ইরান নেই। একইভাবে আজকের যুক্তরাষ্ট্রও তখনকার যুক্তরাষ্ট্র নয়।

তিনি লিখেছেন, ২০২৬ সালের আমেরিকা বিজয়ী নয়; এটি যুদ্ধে পরাজিত একটি দেশে পরিণত হয়েছে।

রেজাই আরও লিখেছেন, বিশ্ব বদলে গেছে। পুরোনো ছবি বর্তমান বিশ্বব্যবস্থাকে অতীতে ফিরিয়ে নিতে পারে না।

১৯৪৩ সালের তেহরান সম্মেলনে যুক্তরাষ্ট্র, ব্রিটেন ও সোভিয়েত ইউনিয়নের নেতারা নাৎসি জার্মানির বিরুদ্ধে যুদ্ধকৌশল ঠিক করতে প্রথমবার যৌথ আলোচনায় বসেন। ১৯৪৫ সালের ইয়াল্টা সম্মেলনে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ফ্রাঙ্কলিন রুজভেল্ট, ব্রিটিশ প্রধানমন্ত্রী উইনস্টন চার্চিল ও সোভিয়েত নেতা জোসেফ স্ট্যালিন। দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে অনুষ্ঠিত এই সম্মেলন যুদ্ধোত্তর বিশ্বব্যবস্থার ভিত্তি গড়ে দেয়। পরের বছরগুলোয় আন্তর্জাতিক ব্যবস্থায় যুক্তরাষ্ট্রের প্রভাব ধীরে ধীরে বাড়ে।

 

সূত্র: আল জাজিরা