Image description

রায়ান রিকেলটনের সেঞ্চুরি, কাগিসো রাবাদার অলরাউন্ড নৈপুণ্য আর সিমোন হারমারের স্পিনে জোহানেসবার্গ টেস্টে হারের শঙ্কার মুখে বাংলাদেশ। চতুর্থ দিনের শেষ দিকে আলোর স্বল্পতার পর বৃষ্টিতে খেলা বন্ধ থাকায় আগেভাগে শেষ হয়েছে খেলা। তার আগে দ্বিতীয় ইনিংসে ৫ উইকেটে ১০০ রান নিয়ে দিনের খেলা শেষ করেছে সফরকারীরা। বাংলাদেশ এখনও ৫৭ রানে পিছিয়ে।

দিনের খেলা শেষ হওয়ার সময় ক্রিজে ছিলেন মুশফিকুর রহিম ও প্রথম ইনিংসে সেঞ্চুরি করা লিটন দাস। মুশফিক ৫ এবং লিটন ১২ রানে অপরাজিত ছিলেন। এর আগে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ১২৪.১ ওভারে ৫৫৭ রান করেছে। শেষ দিনে মুশফিক-লিটনদের প্রতিরোধই এখন বড় ভরসা। তবে ম্যাচের নিয়ন্ত্রণ পুরোপুরি স্বাগতিকদের হাতে।

দ্বিতীয় ইনিংসে শুরুতে বেশ সতর্ক ছিলেন দুই ওপেনার তানজিদ হাসান তামিম ও অভিষিক্ত মাহফিজুল ইসলাম রবিন। প্রথম সাত ওভার নির্বিঘ্নে পার করেন তারা। এর মধ্যে দুজনই রিভিউ নিয়ে বেঁচে যান। শেষ পর্যন্ত মার্কো ইয়ানসেনের বলে উইকেটের পেছনে ক্যাচ দিয়ে ফেরেন তানজিদ (৪)।

প্রথম ইনিংসে শূন্য রানে আউট হওয়া মুমিনুল হকও এবার বেশিক্ষণ টিকতে পারেননি। রাবাদার বলে ব্যাট চালিয়ে মাত্র ১ রান করে আউট হন তিনি। এরপর মাহফিজুল ও অধিনায়ক নাজমুল হোসেন শান্ত কিছুটা প্রতিরোধ গড়েন। ১৪.১ ওভার ব্যাট করে দুজন যোগ করেন মাত্র ৩১ রান। কিন্তু হারমারের ঘূর্ণি ও বাড়তি বাউন্সে স্লিপে ক্যাচ দেন শান্ত। ৪২ বলে ১১ রান করে ফেরেন তিনি।

এরপর মাহফিজুলের প্রতিরোধও ভাঙেন হারমার। ৯২ বলে ৩২ রান করা অভিষিক্ত এই ওপেনারকে বোল্ড করেন তিনি। প্রথম ইনিংসে বাংলাদেশের সেরা ব্যাটার তাওহীদ হৃদয়ও এবার বড় ইনিংস খেলতে পারেননি। রাবাদার দুর্দান্ত বাউন্সারে ২৩ রানে বিদায় নেন তিনি। ৮৭ রানে ৫ উইকেট হারিয়ে চাপে পড়ে বাংলাদেশ।

 

এর আগে দিনের শুরুতে ৭ উইকেটে ৩৮৬ রান নিয়ে ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। নতুন বল নেওয়ার পর মাত্র চার ওভার পেরিয়েছিল। কিন্তু রিকেলটন ও রাবাদা পাল্টা আক্রমণে বাংলাদেশের বোলারদের চাপে ফেলে দেন। সকালে ২.১ ওভারেই বাংলাদেশের প্রথম ইনিংসের সমান রান তুলে ফেলে স্বাগতিকরা। এরপর দ্রুতই লিড বাড়াতে থাকে তারা।

রাবাদা শুরু থেকেই আক্রমণাত্মক ব্যাটিং করেন। নিয়মিত বাউন্ডারি আদায় করে নেন। ৩৮ রানে থাকার সময় তাসকিন আহমেদের বলে দ্বিতীয় স্লিপে তার ক্যাচ ফেলেন শান্ত। সেই সুযোগ কাজে লাগিয়ে টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় অর্ধশতক তুলে নেন রাবাদা। শেষ পর্যন্ত ১০টি চার ও দুটি ছক্কায় ৭২ রান করেন তিনি, যা তার টেস্ট ক্যারিয়ারের সর্বোচ্চ ইনিংস।

অন্য প্রান্তে আগের দিনের ৫৬ রানের সঙ্গে রান যোগ করে নিজের চতুর্থ টেস্ট সেঞ্চুরি পূর্ণ করেন রিকেলটন। ১৫৯ বলে তিন অঙ্ক ছোঁয়া এই ব্যাটার ইনিংসে ১৩টি চার মারেন। দুবার জীবন পাওয়ার পরও শেষ পর্যন্ত ১০২ রানে থামতে হয় তাকে। মেহেদী হাসান মিরাজের বলে লিটনের স্টাম্পিংয়ে শেষ হয় তার ইনিংস। রাবাদার সঙ্গে তার জুটি ছিল ১১৭ রানের।

মিরাজের বলে একইভাবে স্টাম্পড হন রাবাদাও। তাতে টেস্টের এক ইনিংসে আটটি ডিসমিসালের বিশ্বরেকর্ড গড়েন লিটন দাস। 

আগের দিন চোট পেয়ে রিটায়ার্ড হার্ট হওয়া দক্ষিণ আফ্রিকার অধিনায়ক টেম্বা বাভুমা আবার ব্যাটিংয়ে নেমে ৬৮ রানে অপরাজিত থাকেন। ৪ উইকেট নেওয়া হাসান মাহমুদ আরও একটি উইকেট পেতে পারতেন। কিন্তু তার নো বলের কারণে ডেন প্যাটারসনের উইকেটটি বাতিল হয়। প্যাটারসন ২৭ বলে ২৯ রান করেন, মারেন দুটি চার ও দুটি ছক্কা। পরে হাসান মাহমুদের ক্যাচেই এবাদত হোসেনের প্রথম উইকেট হয়ে ফেরেন তিনি।