Image description

প্রথমবারের মতো বাবা হলেন ব্রাজিলিয়ান ফুটবলার এনদ্রিক। স্ত্রী গ্যাব্রিয়েলি মিরান্ডার কোলজুড়ে এসেছে ফুটফুটে এক পুত্রসন্তান। ছেলের নাম রাখা হয়েছে ‘কেনদ্রিক’। বাবার নামের সঙ্গে মিল রেখেই রাখা হয়েছে ব্যতিক্রমী এই নাম।

সিঙ্গাপুর জাতীয় স্টেডিয়ামে সিঙ্গাপুরের বিপক্ষে ব্রাজিলের প্রীতি ম্যাচে গোল করে বিশেষ এক উদ্‌যাপন করেছিলেন এনদ্রিক। গোলের পর দুই হাতে ভালোবাসার চিহ্ন দেখিয়ে উড়ন্ত চুমু ছুড়ে দেন রিয়াল মাদ্রিদের এই ফরোয়ার্ড। পরে জানা যায়, নবজাতক সন্তান ও স্ত্রীর উদ্দেশেই ছিল তার এই উদ্‌যাপন।

মঙ্গলবার বাংলাদেশ সময় বিকেলে সিঙ্গাপুরকে ৭-০ গোলে উড়িয়ে দেয় ব্রাজিল। ম্যাচের ৩১ মিনিটে বক্সের বাইরে থেকে বাঁ পায়ের দুর্দান্ত কোনাকুনি শটে গোল করেন এনদ্রিক। ম্যাচ শেষে ‘স্পোরটিভি’কে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানান, গোলটি স্ত্রী ও সন্তানের জন্য উৎসর্গ করেছেন। জাতীয় দলের হয়ে খেলার অনুপ্রেরণা জোগানোর জন্য স্ত্রীর প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেন তিনি।

 
 
 

গত জুলাইয়ে বেবি শাওয়ার অনুষ্ঠানে প্রথম সন্তানের নাম প্রকাশ করেছিলেন এনদ্রিক ও গ্যাব্রিয়েলি মিরান্ডা। ব্রাজিলিয়ান সংবাদমাধ্যম ‘ও গ্লোবো’র তথ্য অনুযায়ী, কেনদ্রিক নামটির সঙ্গে এনদ্রিকের নিজেরও বিশেষ সম্পর্ক রয়েছে। মূলত কেনদ্রিক নামটিই হওয়ার কথা ছিল এনদ্রিকের নিজের। পরে তার বাবা-মা নামটি পরিবর্তন করে এনদ্রিক রাখেন। নামটির পেছনে বিশেষ ধর্মীয় তাৎপর্যও রয়েছে বলে মনে করেন এই ব্রাজিলিয়ান ফরোয়ার্ড।

 
 

ব্যক্তিগত জীবন বরাবরই আড়ালে রাখতে পছন্দ করেন এনদ্রিক। সামাজিক যোগাযোগমাধ্যমে ছেলের জন্মের খবর প্রকাশ না করার কারণ ব্যাখ্যা করে তিনি জানিয়েছেন, পরিবারকে গুরুত্ব দেওয়ার পাশাপাশি পেশাদার ক্যারিয়ারেও মনোযোগী থাকতে চান। ভবিষ্যতে তার সন্তান নিজেকে জনসমক্ষে তুলে ধরতে চাইবে কি না, সেটি সম্পূর্ণ তার নিজের সিদ্ধান্ত।

 

এদিকে রিয়াল মাদ্রিদে প্রত্যাশা অনুযায়ী খেলার সুযোগ না পাওয়ায় আগামী শীতকালীন দলবদলে ক্লাব ছাড়ার গুঞ্জন রয়েছে এনদ্রিককে ঘিরে। তবে এ বিষয়ে নিজের অবস্থান স্পষ্ট করে তিনি জানিয়েছেন, রিয়াল মাদ্রিদকে সাহায্য করতে তিনি সব সময় প্রস্তুত।