সুপারসনিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ‘ফাতাহ-৩’-এর সফল উৎক্ষেপণের কথা জানিয়েছে পাকিস্তানের সেনাবাহিনী। বুধবার (১৮ নভেম্বর) দেশটির সামরিক বাহিনীর গণমাধ্যম শাখা আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক বিবৃতিতে এ তথ্য জানায়।
বিবৃতিতে বলা হয়, পাকিস্তানের জাতীয় প্রতিরক্ষা সক্ষমতা শক্তিশালী করার ক্ষেত্রে ফাতাহ-৩ ক্ষেপণাস্ত্রের সফল উৎক্ষেপণ একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।
আইএসপিআর জানায়, ক্ষেপণাস্ত্রটিতে উন্নত নেভিগেশন ও প্রপালশন ব্যবস্থা রয়েছে। এটি সুপারসনিক গতিতে দীর্ঘপাল্লার লক্ষ্যবস্তুতে উচ্চ নির্ভুলতার সঙ্গে আঘাত হানতে সক্ষম বলে দাবি করেছে পাকিস্তানের সামরিক বাহিনী।
বিবৃতিতে আরও বলা হয়, নতুন এই ক্ষেপণাস্ত্র পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডের অভিযান পরিচালনার নমনীয়তা ও আঘাত হানার পাল্লা উল্লেখযোগ্যভাবে বাড়াবে। পাশাপাশি দেশটির প্রচলিত সামরিক প্রতিরোধ ও সামগ্রিক প্রতিরক্ষা সক্ষমতা আরও শক্তিশালী হবে।
ক্ষেপণাস্ত্রটির উৎক্ষেপণ প্রত্যক্ষ করেন পাকিস্তান সেনাবাহিনীর রকেট ফোর্স কমান্ডার, সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তা এবং সংশ্লিষ্ট বিজ্ঞানী ও প্রকৌশলীরা।