২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর আর্জেন্টিনার কোচের দায়িত্ব ছাড়ার কথা ভেবেছিলেন লিওনেল স্কালোনি। চুক্তি নবায়ন নিয়ে বারবার প্রশ্ন উঠলেও সিদ্ধান্তের বিষয়ে স্পষ্ট কিছু জানাননি তিনি। তবে শেষ পর্যন্ত আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়ার কৌশলে সিদ্ধান্ত বদলেছেন এই কোচ। পরিবারকে সময় দেওয়া এবং নিজের ভবিষ্যৎ নিয়ে ভাবার সুযোগ পেয়ে ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত আর্জেন্টিনার দায়িত্ব চালিয়ে যেতে রাজি হয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) আর্জেন্টিনার সঙ্গে চুক্তি নবায়ন করেন স্কালোনি। নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত। তবে চুক্তি নবায়নে স্কালোনিকে রাজি করাতে তাপিয়া ও এএফএর পরিচালনা পর্ষদ তাকে কোনো চাপ দেয়নি। বরং বিশ্বকাপের পর থেকেই সিদ্ধান্ত নেওয়ার জন্য পর্যাপ্ত সময় দিয়েছে। সেই সময় কাজে লাগিয়ে কোচিং চালিয়ে যাওয়ার বিষয়ে নতুন করে আগ্রহ ফিরে পান স্কালোনি।
নতুন চুক্তি নিয়ে স্কালোনি বলেন, ‘ভালোভাবে চিন্তাভাবনা করে, কোচিং স্টাফ ও নিজের দলের সঙ্গে আলোচনা করে আমরা সিদ্ধান্ত নিয়েছি, দায়িত্ব চালিয়ে যাওয়াই সবচেয়ে ভালো হবে। দ্রুতই সমঝোতায় পৌঁছেছি, এটাই সবচেয়ে গুরুত্বপূর্ণ।’
বিশ্বকাপ ফাইনালে হারের পর নিউ জার্সিতে সংবাদ সম্মেলনে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন স্কালোনি। এরপর প্রায় চার মাস কেটে গেছে। আগামী ডিসেম্বরেই শেষ হওয়ার কথা ছিল তার আগের চুক্তির মেয়াদ। এমন পরিস্থিতিতে চুক্তি নবায়ন নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়। তবে এএফএ সভাপতি ক্লদিও তাপিয়া ও পরিচালনা পর্ষদ তাকে সিদ্ধান্ত নেওয়ার জন্য সময় দেন। পরিবারের সঙ্গে সময় কাটানো এবং নিজের কোচিং অধ্যায় নিয়ে ভাবার সুযোগ পেয়ে শেষ পর্যন্ত দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেন তিনি।
বিশ্বকাপের পরের সময়টা নিয়ে স্কালোনি বলেন, ‘বিশ্বকাপ শেষ হওয়ার পর আমি কখনো বলিনি যে চলে যাচ্ছি। তবে আমাকে ভাবতে হয়েছিল। সময়টা কঠিন ছিল। ফাইনাল না জেতার ধাক্কা সামলানো সহজ ছিল না। তখন সামনে কী করব, সেটাই প্রথমে মাথায় আসে। নিজেকে নতুন করে চাঙা করার প্রয়োজন ছিল।’
তিনি আরও বলেন, ‘আমি কখনোই দরজা বন্ধ করিনি। তবে দায়িত্ব চালিয়ে যাওয়ার ব্যাপারে তখন পুরোপুরি নিশ্চিতও ছিলাম না। সময় নেওয়া এবং সৎ থাকা আমার জন্য জরুরি ছিল। সেই সময়টুকু নেওয়ার কারণেই এখন নতুন উদ্যমে ফিরতে পেরেছি।’
নতুন চুক্তির মেয়াদ ২০৩০ বিশ্বকাপ পর্যন্ত হলেও ২০২৮ সালের কোপা আমেরিকার পর দুই পক্ষের চুক্তি থেকে সরে আসার সুযোগ থাকবে। চুক্তির কাঠামোকে বলা হচ্ছে ‘২+২’।
স্কালোনির সিদ্ধান্ত বদলে খেলোয়াড়দের সমর্থনও বড় ভূমিকা রেখেছে। বিশ্বকাপের পর আর্জেন্টিনার একাধিক ফুটবলার প্রকাশ্যে তাকে দায়িত্বে রাখার পক্ষে কথা বলেন। এনজো ফার্নান্দেজ, আলেক্সিস ম্যাক আলিস্টার ও লাওতারো মার্তিনেজের পাশাপাশি তরুণ নিকো পাসও স্কালোনির থাকার পক্ষে মত দেন। গোলরক্ষক এমিলিয়ানো মার্তিনেজও জানিয়েছিলেন, পুরো দল স্কালোনিকে সমর্থন করবে।
খেলোয়াড়দের সমর্থন ও সমর্থকদের ভালোবাসার কথা বলতে গিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েন আর্জেন্টিনা কোচ। স্কালোনি বলেন, ‘খেলোয়াড়েরা আমার চুক্তি নবায়নের কথা বলেছে, এটা আমার কাছে অনেক বড় ব্যাপার। সমর্থকদের অনুরোধও আমাকে ছুঁয়ে গেছে। আমরা দায়িত্ব চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছি, এর পেছনে সমর্থকদেরও ভূমিকা আছে।’
মেসিকে ছাড়াই এখন নতুন করে দল গড়ার চ্যালেঞ্জ স্কালোনির সামনে। সবশেষ বেনিনের বিপক্ষে প্রীতি ম্যাচের পর জাতীয় দল থেকে অবসর নেওয়ায় আর্জেন্টিনার সামনে নতুন অধ্যায় শুরু হচ্ছে। তবে স্কালোনির বিশ্বাস, বড় লক্ষ্য পূরণের মতো মানসম্পন্ন খেলোয়াড় এখনো তার দলে রয়েছেন।
তিনি বলেন, ‘আমরা দেখেছি, দলে ভালো মানের খেলোয়াড় আছে এবং আমরা প্রতিদ্বন্দ্বিতা চালিয়ে যেতে পারব।’
চলতি মাসে বছরের শেষ দুটি প্রীতি ম্যাচ খেলবে আর্জেন্টিনা। ১৩ নভেম্বর বুয়েনস এইরেসের লা বোম্বোনেরা স্টেডিয়ামে উরুগুয়ের মুখোমুখি হবে তারা। এরপর ১৭ নভেম্বর কর্দোবার মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে তাদের প্রতিপক্ষ কোস্টারিকা। এ দুই ম্যাচে নতুন খেলোয়াড়দের পরখ করার পাশাপাশি ২০২৭ সালের জন্য দলকে প্রস্তুত করার সুযোগ পাবেন স্কালোনি। ওই বছর দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে অংশ নেওয়া হবে তার দলের বড় চ্যালেঞ্জ।