Image description

রাজশাহীর মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন করে হুমকি দিয়েছেন নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগ নেতা রাকায়েদ হোসেন রুকু। তিনি ওসিকে বলেছেন, ‘ডিসেম্বরের পরেও আপনাদের চাকরি করতে হবে।’ 

বৃহস্পতিবার (১২ নভেম্বর) রাত থেকে এ-সংক্রান্ত দুই মিনিট ২৯ সেকেন্ডের একটি অডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়েছে। 

ছড়িয়ে পড়া অডিওতে ওসিকে ফোন দিয়ে ছাত্রলীগ নেতা রুকুকে প্রথমে বলতে শোনা যায়, ‘ওসি মোহনপুর, ভালো আছেন।’ জবাবে ওসি বলেন, ‘ভালো আছি, নতুন জয়েন করেছি। গত ৪ তারিখে এসেছি। আমার নাম আতিকুর রহমান।’

এরপর রুকু বলেন, ‘আমি জানি, আপনি ভালো মানুষ। অতিথি হিসেবে আমাদের এলাকায় চাকরি করতে এসেছেন। আমরাও অতিথির সম্মান করতে চাই। আজকে মোহনপুর থানা ছাত্রলীগ মিছিল করেছে। এ মিছিল ডিসেম্বর পর্যন্ত চলবে। ডিসেম্বরের পরে আপনাদের চাকরি করতে হবে। 

তিনি (রুকু) বলেন, আপনার কাছে অনুরোধ থাকবে, আপনি আমাদের এলাকার অতিথি। এসব বিষয় নিয়ে আমাদের কোনো নেতাকর্মীকে হয়রানি করবেন না।

এরপর ওসি বলেন, ‘হয়রানি না তো ভাই, মোহনপুর ছোটখাটো এলাকা। এসব করে লাভ হবে না।’

এ পর্যায়ে রুকু বলেন, ‘আপনার বিবেকের কাছে প্রশ্ন করতে চাই, আপনি পুলিশ শেখ হাসিনার আমলে যতটুকু নিরাপদে ছিলেন, ততটুকু নিরাপত্তা কি এখন পান? আপনি কি একটা সন্ত্রাসীর কাছে ভিড়তে পারেন, এ সরকারের আমলে? বাংলাদেশকে এ জায়গা থেকে মুক্ত করতে হবে।’

‘আপনাদের পুলিশ হত্যার বিচার আমরা চাই’ মন্তব্য করে ছাত্রলীগ নেতা আরও বলেন, ‘আমাদের সহযোগিতা করেন। কিন্তু আমাদের কোনো কর্মীকে যদি অযথা হয়রানি করেন ভাই, আমি ক্লিয়ার বলি- আপনাকে ডিসেম্বরের পরে চাকরি করতে হবে। আপনাকে কিন্তু আবার আমি মোহনপুর থানায় আনব। আশা করি ক্লিয়ার বুঝতে পেরেছেন। আপনি নতুন এসেছেন, আমরা আপনাকে সম্মান করতে চাই। ধন্যবাদ।’

এ ব্যাপারে বক্তব্যের জন্য মোহনপুর থানার ওসি আতিকুর রহমানকে ফোন দেওয়া হলে তিনি ধরেননি।

তবে রাজশাহী জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার সাবিনা ইয়াসমিন বলেন, বিষয়টি সম্পর্কে আমরা অবগত। ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের ফোন দিয়ে বিভিন্ন স্থানে হুমকি দেওয়া হচ্ছে। এসপি স্যার ছুটিতে আছেন। তিনি ফিরলে এ ব্যাপারে সিদ্ধান্ত নেওয়া হবে।