নিষিদ্ধ ঘোষিত সংগঠন বাংলাদেশ ছাত্রলীগের কার্যক্রমের সঙ্গে জড়িত থাকার অভিযোগে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) এক শিক্ষার্থীকে বিশ্ববিদ্যালয় থেকে সাময়িকভাবে বহিষ্কার করেছে প্রশাসন। রোববার (০৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্টার ড. এ বি এম আজিজুর রহমান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়। অফিস আদেশে বলা হয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের শৃঙ্খলা সংক্রান্ত অধ্যাদেশ-২০১৮-এর ৪ (১) (খ) ধারা অনুযায়ী নিষিদ্ধ সংগঠনের সাথে সংশ্লিষ্টতা ও বিশ্ববিদ্যালয়ে সংগঠনটির কার্যক্রমে জড়িত থাকার অভিযোগে সংশ্লিষ্ট শিক্ষার্থীকে সাময়িকভাবে বহিষ্কার করা হলো। বহিষ্কৃত শিক্ষার্থী মোহা. আসাদুল আলম বিশ্ববিদ্যালয়ের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের (রেজিস্ট্রেশন নং: ২০২২৩৭৫৬৭১৩, ক্লাস রোল: ২১০৭) তুলনামূলক সাহিত্য ও সংস্কৃতি ইনস্টিটিউটের ছাত্র। তিনি শহীদ তাজউদ্দীন আহমদ হলের আবাসিক শিক্ষার্থী। উক্ত অফিস আদেশের অনুলিপি বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা ও প্রশাসন), কোষাধ্যক্ষ, সংশ্লিষ্ট অনুষদের ডিন, হলের প্রভোস্ট এবং সংশ্লিষ্ট বিভাগসহ প্রয়োজনীয় দপ্তরগুলোতে অবগতি ও প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য প্রেরণ করা হয়েছে।