অপেক্ষা ছিল গোলের, অপেক্ষাটা জয়েরও বটে। একের পর এক আক্রমণ করেও প্রথমার্ধে ভুটানের রক্ষণ ভাঙতে পারেনি বাংলাদেশ। তবে শেষ পর্যন্ত বদলি নামা মোহাম্মদ ইব্রাহিমের গোলে স্বস্তির জয় নিয়েই মাঠে ছেড়েছে লাল-সবুজের প্রতিনিধিরা। এতে সাফ চ্যাম্পিয়নশিপে নিজেদের প্রথম ম্যাচে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুভসূচনা করেছে বাংলাদেশ।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) জাতীয় স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই আক্রমণাত্মক ফুটবল খেলতে থাকে বাংলাদেশ। দুই উইং ব্যবহার করে একের পর এক ক্রস তুলে ভুটানের রক্ষণে চাপ তৈরি করেছে জামাল ভূঁইয়ার দল। কিন্তু ফরোয়ার্ডদের ব্যর্থতা এবং ভুটানের রক্ষণভাগের দৃঢ়তায় কোনো প্রচেষ্টাই গোলে পরিণত হয়নি।
বিশেষ করে সেন্টার ফরোয়ার্ডের ভূমিকায় খেলতে নামা বিশ্বনাথ ঘোষ কয়েকটি ভালো সুযোগ পেয়েও কাজে লাগাতে পারেননি স্বাগতিকরা। ষষ্ঠ মিনিটে রাকিব হোসেনের ক্রস থেকে প্রথম সুযোগ তৈরি হলেও ভুটানের ডিফেন্ডার বল ক্লিয়ার করেন। ফিরতি বলে জামাল ভূঁইয়ার নেওয়া জোরালো শটও রক্ষণে আটকে যায়।
ম্যাচের ১৮তম মিনিটে রাকিবের ক্রস থেকে লক্ষ্যভ্রষ্ট হয় বিশ্বনাথের হেড। ২৫তম মিনিটেও আরও একটি সহজ সুযোগ নষ্ট করেন তিনি। পরে ৩৯তম মিনিটেও গোলরক্ষককে একা পেয়েও লক্ষ্যভেদ করতে পারেননি এই ডিফেন্ডার।
অন্যদিকে প্রথমার্ধে ভুটানের আক্রমণ ছিল অনেকটাই সীমিত। ৪০তম মিনিটে তাদের একমাত্র লক্ষ্যে থাকা শট সহজেই নিয়ন্ত্রণে নেন বাংলাদেশের গোলরক্ষক মেহেদী হাসান শ্রাবণ।
বিরতির আগে ৪৪তম মিনিটে জামাল ভূঁইয়ার ফ্রি-কিক থেকে সমিত সোমের হেডে আবারও গোলের সম্ভাবনা তৈরি হয়েছিল। কিন্তু গোলমুখে থাকা জিদান ইউসুফ ও সাদ-উদ্দীন কেউই বলে মাথা ছোঁয়াতে পারেননি। ফলে গোলশূন্য সমতায় শেষ হয় প্রথমার্ধ।
দ্বিতীয়ার্ধেও গোলের জন্য মরিয়া হয়ে আক্রমণ চালাতে থাকে বাংলাদেশ। অবশেষে ৬৯তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পায় স্বাগতিক শিবির। ভুটানের পেনাল্টি বক্সে বল ঘোরাফেরার একপর্যায়ে সমিত সোমের হেডে বল ওপরে উঠে যায়। গোলমুখের সামনে বল পেয়ে যান বদলি হিসেবে মাঠে নামা মোহাম্মদ ইব্রাহিম। সুযোগ বুঝে পা বাড়িয়ে বল জালে পাঠান তিনি।
ইব্রাহিমের সেই গোলেই বাকি সময়ে লিড ধরে রাখার লড়াইয়ে নামে জামাল ভূঁইয়ার দল। শেষ পর্যন্ত আর কোনো গোল না হওয়ায় ১-০ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বাংলাদেশ।
ভুটানকে হারিয়ে সাফ চ্যাম্পিয়নশিপের যাত্রাটাও জয় দিয়েই শুরু করল বাংলাদেশ। এই জয়ে পূর্ণ পয়েন্ট আদায় করে নিয়ে টেবিলে নিজেদের জায়গাও পাকাপোক্ত করল লাল-সবুজেরা।