Image description

পশ্চিমবঙ্গের মুর্শিদাবাদ জেলার বেলডাঙায় প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণ নিয়ে নতুন করে বিতর্ক তৈরি হয়েছে। এ বিষয়ে এবার মুখ খুলেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তিনি বলেছেন, বাবরের নামে মসজিদ নির্মাণের অনুমতি দেওয়া হবে না। তবে অন্য নামে মসজিদ নির্মাণে তার আপত্তি নেই।

শুভেন্দু বলেন, ‘একটি নয়, নিজের জমিতে ১০০টি মসজিদ বানান, কোনো সমস্যা নেই। কিন্তু বাবরের নাম থাকলে কোনো অনুমতি মিলবে না।’

সম্প্রতি বেলডাঙার বিধায়ক হুমায়ুন কবির প্রস্তাবিত বাবরি মসজিদ নির্মাণের কাজ শুরুর ঘোষণা দিয়েছেন। আগামী ৬ ডিসেম্বর মসজিদসংলগ্ন এলাকায় লাখো মুসল্লির জমায়েতের ডাক দিয়েছেন তিনি। একই সঙ্গে ৩৪ নম্বর জাতীয় সড়ক অবরোধের হুঁশিয়ারিও দিয়েছেন এই বিধায়ক।

জাতীয় সড়ক অবরোধের বিরোধিতা

পশ্চিমবঙ্গ সরকারের সচিবালয় নবান্নে সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মসজিদ নির্মাণ বা ধর্মীয় আচার পালনে কোনো বাধা নেই।

তিনি বলেন, ‘কোনো অনুমতি দেওয়া হয়নি। ধর্মীয় কাজ করুন, শুক্রবারের নামাজ পড়ুন, যা করার করুন। কোনো অসুবিধা নেই। কিন্তু জাতীয় সড়ক অবরোধ করার অধিকার কারও নেই।’

মুখ্যমন্ত্রী আরও বলেন, ‘মন্দির, মসজিদ, গির্জা ও গুরুদ্বার নির্মাণ মানুষের সাংবিধানিক অধিকার। তবে বাবরের নামে কোনো স্থাপনা নির্মাণের অনুমতি দেওয়া হবে না।’

তার দাবি, ‘বাবর ভারতের ছিল না। সে লুটেরা ছিল। বাবরের নাম লেখার অনুমতি মিলবে না। করতে গেলে ফল ভুগতে হবে।’

মসজিদের নকশা ও অনুমোদন নিয়ে প্রশ্ন

প্রস্তাবিত মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় নকশা ও নথি জমা দেওয়া হয়নি বলেও দাবি করেছেন শুভেন্দু অধিকারী। তিনি বলেন, হুমায়ুন কবিরের জমা দেওয়া পরিকল্পনা এখনো অনুমোদন পায়নি। প্রয়োজনীয় নথিপত্রও সম্পূর্ণ নয়।

এ বিষয়ে জেলা প্রশাসককে নির্দেশ দেওয়া হয়েছে বলে জানান মুখ্যমন্ত্রী। শুভেন্দু অধিকারী বলেন, বাবরের নাম বাদ দিয়ে অন্য নামে মসজিদ নির্মাণের জন্য তিনি অনুরোধ করছেন।

অন্যদিকে, হুমায়ুন কবির এ বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে জানা গেছে।