Image description

সিলেট সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করে ভারতীয় একনালা ও দুইনালা শটগান, গুলি ও মাদকদ্রব্যসহ প্রায় ১৯ লাখ টাকা মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

আজ বৃহস্পতিবার রাতে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করে।

বিজিবি সূত্রে জানা যায়, প্রতাপপুর সীমান্ত এলাকায় পরিচালিত অভিযানে পরিত্যক্ত অবস্থায় ভারতীয় একটি একনালা শটগান, একটি দুইনালা শটগান, পাঁচ রাউন্ড গুলি এবং ১৪৪ বোতল ভারতীয় মদ উদ্ধার করা হয়।

এ ছাড়া সীমান্তবর্তী অন্যান্য এলাকায় পৃথক অভিযান পরিচালনা করে বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা হয়। সব মিলিয়ে জব্দকৃত মালামালের আনুমানিক সিজার মূল্য ১৯ লাখ টাকা।

জব্দ করা মালামালের বিষয়ে সরকারি বিধি অনুযায়ী প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানিয়েছে বিজিবি।

৪৮ বিজিবি জানায়, সিলেট ও সুনামগঞ্জ জেলার সীমান্তবর্তী পাঁচটি উপজেলার প্রায় ৮১ কিলোমিটার সীমান্তের নিরাপত্তা রক্ষায় ব্যাটালিয়নটি নিয়মিত দায়িত্ব পালন করছে। সীমান্তে চোরাচালান, মানব ও নারী-শিশু পাচার, অবৈধ অনুপ্রবেশ ও পুশ-ইন প্রতিরোধ, অবৈধভাবে বালু-পাথর উত্তোলন বন্ধ এবং মাদক ও অস্ত্র উদ্ধারে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে।

বিজিবির দেওয়া তথ্য অনুযায়ী, গত তিন মাসে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) সীমান্তে অভিযান চালিয়ে ১ কোটি ৮৫ লাখ টাকা মূল্যের মাদকদ্রব্যসহ সর্বমোট ৪১ কোটি ২ লাখ টাকা মূল্যের চোরাচালানি মালামাল আটক করেছে। এ ছাড়া চলতি বছরে ৬টি এয়ার রাইফেল, তিনটি শটগান ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করতে সক্ষম হয়েছে ব্যাটালিয়নটি।

সিলেট সীমান্তের নিরাপত্তা নিশ্চিত করা, অবৈধ অস্ত্র উদ্ধার, চোরাচালান ও মাদকদ্রব্য পাচার প্রতিরোধে ৪৮ বিজিবির গোয়েন্দা তৎপরতা ও আভিযানিক কার্যক্রম অব্যাহত রয়েছে। ভবিষ্যতেও সীমান্তে এ ধরনের অভিযান আরও জোরদার করা হবে বলে জানিয়েছে সিলেট ব্যাটালিয়ন (৪৮ বিজিবি) এর অধিনায়ক লে. কর্নেল নূর উদ্দিন আহমাদ।