Image description

আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনের সভাপতি জিয়ানি ইনফান্তিনো আগামীকাল ঢাকায় আসছেন। ভুটান যাওয়ার পথে দুপুরে ঢাকায় সংক্ষিপ্ত যাত্রাবিরতি করবেন তিনি। মরক্কো থেকে ভুটানের রাজধানী থিম্পুতে যাওয়ার পথে সরাসরি ফ্লাইট না থাকায় ট্রানজিট হিসেবে ঢাকাকে বেছে নিয়েছেন তিনি। তার এই সংক্ষিপ্ত সফর ঘিরে প্রয়োজনীয় প্রস্তুতি শুরু করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)।

বাফুফে সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ইনফান্তিনোর ইমিগ্রেশন ও অন্যান্য ট্রানজিট আনুষ্ঠানিকতা দ্রুত ও নির্বিঘ্নে সম্পন্ন করতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আগেই যোগাযোগ করেছে ফেডারেশন।

বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অবস্থানকালে ফিফা সভাপতির সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন বাফুফে সভাপতি তাবিথ আউয়াল এবং ফেডারেশনের চার সহসভাপতি।

এর আগে ইন্দোনেশিয়ায় অনুষ্ঠিত ফিফা আসিয়ান কাপের সময়ও বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের সঙ্গে ইনফান্তিনোর আনুষ্ঠানিক বৈঠক হয়েছিল।