Image description

ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসের (ডব্লিউসিএল) তৃতীয় আসরে বহুল প্রতীক্ষিত ভারত চ্যাম্পিয়নস ও পাকিস্তান চ্যাম্পিয়নসের ম্যাচটি বাতিল হয়ে গেছে। টুর্নামেন্ট থেকে পাকিস্তান চ্যাম্পিয়নস সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেওয়ায় এই ম্যাচ আর হচ্ছে না।

আগামী ১০ অক্টোবর দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে মুখোমুখি হওয়ার কথা ছিল দুই দলের। কিন্তু টুর্নামেন্টে নির্বাচিত খেলোয়াড়দের অনাপত্তিপত্র (এনওসি) দেওয়ার বিষয়ে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) নিজেদের সিদ্ধান্ত বহাল রাখায় ম্যাচটি আর মাঠে গড়াচ্ছে না বলে জানা গেছে।

জিও সুপারের প্রতিবেদনে বলা হয়েছে, ৫ অক্টোবর পাকিস্তান চ্যাম্পিয়নস চলমান টুর্নামেন্টে আর অংশ না নেওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

 

এর আগে ৩ অক্টোবর বাংলাদেশ চ্যাম্পিয়নসের বিপক্ষে পাকিস্তান চ্যাম্পিয়নসের উদ্বোধনী ম্যাচটি স্থগিত করা হয়েছিল। শুরুতে ‘কারিগরি কারণ’ দেখিয়ে ম্যাচটি স্থগিত করা হলেও পরে বিভিন্ন প্রতিবেদনে দাবি করা হয়, পিসিবি খেলোয়াড়দের এনওসি দিতে অস্বীকৃতি জানানোর কারণেই এমনটা হয়েছে। 

অধিনায়ক হিসেবে আলোচনায় থাকা শহীদ আফ্রিদি উদ্বোধনী ম্যাচের সময় আদৌ সংযুক্ত আরব আমিরাতে ছিলেন কি না, তা নিয়েও গুঞ্জন তৈরি হয়েছিল। যদিও সামাজিক যোগাযোগমাধ্যমে তিনি টুর্নামেন্টটির প্রচারণা চালিয়েছিলেন। তবে ৪৬ বছর বয়সী এই সাবেক পাকিস্তানি অলরাউন্ডার এখন আর টুর্নামেন্টের অংশ হতে পারছেন না।

 

পাকিস্তান চ্যাম্পিয়নসের মালিক কামিল খান সমস্যা সমাধানের জন্য পিসিবির সঙ্গে আলোচনা চালিয়েছিলেন বলে জানা গেছে। তবে বোর্ড নিজেদের অবস্থান থেকে সরে আসেনি।

পাকিস্তান চ্যাম্পিয়নসের সরে দাঁড়ানোর ফলে ডব্লিউসিএলে আরও একবার ভারত-পাকিস্তান লড়াই দেখার সুযোগ হারালেন দর্শকরা। দুবাইয়ে ম্যাচটি অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। অন্যদিকে, ভারত চ্যাম্পিয়নস উদ্বোধনী ম্যাচে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়নসকে হারিয়ে টুর্নামেন্ট শুরু করেছে।  

উল্লেখ্য, ডব্লিউসিএলের আগের দুই আসরেই রানার্সআপ হয়েছিল পাকিস্তান চ্যাম্পিয়নস।