এশিয়ান গেমস ক্রিকেটে এবার লেখা হতে যাচ্ছে নতুন ইতিহাস। পুরুষ ক্রিকেটের ফাইনালে সোনার লড়াইয়ে প্রথমবার মুখোমুখি হতে যাচ্ছে ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার নিশিনে দ্বিতীয় সেমিফাইনালে শ্রীলঙ্কাকে উড়িয়ে দিয়ে ফাইনালের টিকিট কেটেছে বর্তমান চ্যাম্পিয়ন ভারত। এর আগে বাংলাদেশকে ছয় উইকেটে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় পাকিস্তান।
টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ভারত ২০ ওভারে ৭ উইকেটে ১৬৯ রান করে। দলের হয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন ইশান কিষান। বাঁহাতি এই ব্যাটার ৪৬ বলে ৮০ রানে অপরাজিত থাকেন। তার ইনিংসে ছিল চারটি চার ও পাঁচটি ছক্কা। শুরুতে কয়েকটি উইকেট হারানোর পর ভারতকে লড়াইয়ের পুঁজি এনে দেন তিনি।
ওপেনিংয়ে বৈভব সূর্যবংশীও দারুণ গতি এনে দেন। ২১ বলে ৩৮ রান করেন তিনি। তবে অভিষেক শর্মা, সাঞ্জু স্যামসন, শ্রেয়াস আইয়ার, তিলক বার্মা, শিবম দুবে ও অক্ষর প্যাটেল ব্যাট হাতে বড় অবদান রাখতে পারেননি।
ভারতের বোলিং আক্রমণে একমাত্র পেসার ছিলেন জসপ্রীত বুমরা। প্রথম ওভারেই সিনেথ জয়াবর্ধনে ও সোহান ডি লিভেরাকে ফিরিয়ে নিজের সামর্থ্যের প্রমাণ দেন তিনি। অক্ষর প্যাটেল ও অভিষেক শর্মাও দুটি করে উইকেট নেন। শেষ পর্যন্ত ৯.৫ ওভারে শ্রীলঙ্কার ইনিংস গুটিয়ে যায় মাত্র ৪৫ রানে। ফলে ১২৪ রানের বিশাল জয় পায় ভারত।
উল্লেখ্য, ২০২২ সালের এশিয়ান গেমসে জেতা সোনার পদক ধরে রাখার লক্ষ্য ভারতের। অন্যদিকে এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেটে নিজেদের প্রথম সোনা জয়ের অপেক্ষায় পাকিস্তান। এর আগে নারী ক্রিকেটে এশিয়ান গেমসে সোনা জিতলেও পুরুষ ক্রিকেটে পাকিস্তানের ঝুলিতে নেই এই পদক।
তবে ফাইনালে বৃষ্টিও যোগ করতে পারে নতুন নাটক। ২০২২ সালের আসরে আফগানিস্তানের বিপক্ষে ফাইনাল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলে উঁচু র্যাঙ্কিংয়ের কারণে ভারত সোনা জিতেছিল। কিন্তু ২০২৬ সালের নিয়মে বলা হয়েছে, ফাইনাল পরিত্যক্ত হলে দুই দলকে যৌথভাবে সোনার পদক দেওয়া হবে। সোনার ম্যাচের জন্য কোনো রিজার্ভ ডে-ও রাখা হয়নি।