রাজধানীর মিরপুরে রাড্ডা ক্লিনিক গুঁড়িয়ে দেওয়ার ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। এতে জড়িতদের কঠোর শাস্তি ও ক্ষতিগ্রস্ত স্বাস্থ্যকেন্দ্রটি পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালনের দাবি জানিয়েছেন তিনি।
বৃহস্পতিবার (১ অক্টোবর) সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে এক পোস্টে এসব কথা লিখেছেন ডা. শফিকুর রহমান। তিনি বলেন, রাতের অন্ধকারে রাড্ডা ক্লিনিক দখলের ঘটনায় অবশেষে সরকার ও সরকারি দল বাধ্য হয়ে সাংগঠনিক পদক্ষেপ নিতে শুরু করেছে।
কিন্তু এত বড় অপকর্মের জন্য শুধু সাংগঠনিক পদক্ষেপই মোটেই যথেষ্ট নয় উল্লেখ করে বিরোধীদলীয় নেতা বলেন, কালপ্রিটদের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নিয়ে কঠোর শাস্তি নিশ্চিত করতে হবে। দেশবাসী দৃশ্যমান ও বিশ্বাসযোগ্য আইনি পদক্ষেপ দেখতে চায়। একই সঙ্গে ক্ষতিগ্রস্ত ও লুণ্ঠিত স্বাস্থ্যকেন্দ্রটি টেকসইভাবে পুনর্নির্মাণের দায়িত্বও সরকারকে পালন করতে হবে।