Image description

অস্ট্রিয়ার বিপক্ষে নেশনস লিগের ম্যাচে গোল করার পর বিতর্কিত ভঙ্গিতে উদযাপন করে লাল কার্ড দেখেছেন ইসরাইলের ফরোয়ার্ড সাইদ আবু ফারখি। কর্নার ফ্ল্যাগ হাতে নিয়ে বন্দুক থেকে গুলি ছোড়ার মতো অঙ্গভঙ্গি করায় দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে তাকে মাঠ ছাড়ার নির্দেশ দেন রেফারি।

লিনৎসের রাইফাইসেন অ্যারেনায় ম্যাচের ৪৩ মিনিটে পেনাল্টি থেকে গোল করে অস্ট্রিয়াকে এগিয়ে দেন রোমানো শ্মিড। বিরতির পর ৫৫ মিনিটে হেডে গোল করে ইসরাইলকে সমতায় ফেরান ২০ বছর বয়সী ফারখি।


গোলের পর ফারখি দৌড়ে কর্নার ফ্ল্যাগের কাছে যান এবং সেটি তুলে নেন। এরপর ফ্ল্যাগের নিচের অংশটি বন্দুকের মতো ধরে গুলি ছোড়ার ভঙ্গিতে উদযাপন করেন তিনি।

এর মাত্র চার মিনিট আগে ফারখি একটি হলুদ কার্ড দেখেছিলেন। উদযাপনের ওই অঙ্গভঙ্গির পর বুলগেরিয়ান রেফারি জর্জি কাবাকভ তাকে দ্বিতীয় হলুদ কার্ড দেখান।

ফলে লাল কার্ড পেয়ে মাঠ ছাড়তে হয় ইসরাইলি এই ফরোয়ার্ডকে।

১০ জনের ইসরাইল এরপর আর ম্যাচে ফিরতে পারেনি। নির্ধারিত সময়ের ৯০ মিনিটে ফিলিপ মভেনে গোল করে অস্ট্রিয়াকে আবার এগিয়ে দেন। পরে যোগ করা সময়ে সাসা কালাইদজিচের গোলে ৩-১ ব্যবধানের জয় নিশ্চিত করে অস্ট্রিয়া।শীর্ষনিউজ