Image description

কয়েক দিন আগেই বাংলাদেশের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ খেলার প্রস্তাব দিয়েছিল নেপাল। তার ধারাবাহিকতায় সিরিজও মাঠে গড়াতে যাচ্ছে। 

নেপালে সাম্প্রতিক ভয়াবহ বন্যায় নিহতদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলতে যাবে বাংলাদেশ। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) প্রস্তাবিত সফরে সম্মতি দেওয়ায় আগামী বছরের ২৬, ২৮ ও ৩০ মার্চ কাঠমান্ডুতে ম্যাচ তিনটি অনুষ্ঠিত হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

বাংলাদেশের যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক ও বাংলাদেশে নিযুক্ত নেপালের রাষ্ট্রদূত ঘনশ্যাম ভান্ডারীর এক বৈঠকে প্রথমবার এই সফরের বিষয়টি আলোচনায় আসে।

বুধবার বিসিবি কার্যালয়ে এসে বিসিবি সভাপতি তামিম ইকবালের সঙ্গে বৈঠক করেন রাষ্ট্রদূত ভান্ডারী। সেখানে প্রস্তাবিত সফরের পাশাপাশি দুই দেশের ক্রিকেটীয় সম্পর্ক ও সহযোগিতা আরও বাড়ানোর বিষয়েও আলোচনা হয়।