বিদেশের মাটিতে বাংলাদেশের টেস্ট জয়ের ইতিহাস মানেই একেকটি রোমাঞ্চকর উপাখ্যান ও নতুন উচ্চতায় পৌঁছানোর গল্প। ২০০৯ সালে ওয়েস্ট ইন্ডিজের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পাওয়ার পর থেকে সময়ের পরিক্রমায় বিশ্বক্রিকেটে নিজেদের শক্ত অবস্থান তৈরি করেছে বাংলাদেশ দল। সর্বশেষ ২০২৬ সালে অস্ট্রেলিয়ার মাটিতে ঐতিহাসিক টেস্ট জয়ের মাধ্যমে এই গৌরবের তালিকায় যোগ হয়েছে নতুন এক অধ্যায়।
এক নজরে দেখে নেওয়া যাক বিদেশের মাটিতে বাংলাদেশের ১০টি টেস্ট জয়ের গৌরবোজ্জ্বল ইতিহাসÑ
৯ উইকেটের জয় (অস্ট্রেলিয়া, ২০২৬)
ডারউইনে নতুন ইতিহাস লিখেছে বাংলাদেশ। স্বাগতিক অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচে ৯ উইকেটের বড় ব্যবধানে জয় তুলে নিয়েছে শান্তরা। অজিদের দেওয়া মাত্র ৫৭ রানের লক্ষ্য ১ উইকেট হারিয়ে পেরিয়ে যায় লাল-সবুজের প্রতিনিধিরা। এর মাধ্যমে অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবারের মতো টেস্ট জয়ের স্বাদ পেল বাংলাদেশ।
১০১ রানের জয় (উইন্ডিজ, ২০২৪)
১৫ বছর পর ক্যারিবীয়দের মাটিতে টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। জ্যামাইকায় এই ম্যাচে তৃতীয় ইনিংসে নাহিদ রানা ৫ উইকেট এবং শেষ ইনিংসে তাইজুল ইসলাম ৫০ রানে ৫ উইকেট শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ১৮৫ রানে অলআউট করেন। এই জয়ে দুই ম্যাচের সিরিজ ১-১ সমতায় শেষ হয়।
১০ ও ৬ উইকেটের জয় (পাকিস্তান, ২০২৪)
রাওয়ালপিন্ডিতে পাকিস্তানের বিপক্ষে ঐতিহাসিক টেস্ট সিরিজে ১০ উইকেটের অবিস্মরণীয় জয় দিয়ে সিরিজ শুরু করে বাংলাদেশ। একই সফরে পরে ৬ উইকেটের আরেকটি ঐতিহাসিক জয় তুলে নিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জয়ের গৌরব অর্জন করে বাংলাদেশ।
৮ উইকেটের জয় (নিউজিল্যান্ড, ২০২২)
মাউন্ট মঙ্গানুইয়ে তৎকালীন বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপাধারী নিউজিল্যান্ডকে তাদেরই মাটিতে হারিয়ে ক্রিকেট দুনিয়াকে চমকে দিয়েছিল বাংলাদেশ। পেসার এবাদত হোসেনের দুর্দান্ত ৬ উইকেট শিকারের সুবাদে কিউইদের বিপক্ষে এই ঐতিহাসিক জয় পায় টাইগাররা।
১৪৩ ও ২২০ রানের জয় (জিম্বাবুয়ে ২০১৩ ও ২০২১)
জিম্বাবুয়ের মাটিতে ২০১৩ সালে ১৪৩ রানের জয়ের পর ২০২১ সালে হারারেতে একমাত্র টেস্টে ২২০ রানের বড় জয় পায় বাংলাদেশ।
২১৭ রানের জয় (শ্রীলঙ্কা, ২০১৭)
নিজেদের শততম টেস্টে শ্রীলঙ্কার মাটিতে ঐতিহাসিক ২১৭ রানের জয় পায় বাংলাদেশ। অস্ট্রেলিয়া, পাকিস্তান ও ওয়েস্ট ইন্ডিজের পর চতুর্থ দল হিসেবে শততম টেস্টে জয়ের এই কীর্তি গড়ে লাল-সবুজের প্রতিনিধিরা। ম্যাচে সেঞ্চুরিসহ ৪ উইকেট নিয়ে বড় ভূমিকা রেখেছিলেন সাকিব আল হাসান।
৯৫ রান ও ৪ উইকেটের জয় (উইন্ডিজ, ২০০৯)
২০০৯ সালে কিংসটাউনে ওয়েস্ট ইন্ডিজকে ৯৫ রানে হারিয়ে বিদেশের মাটিতে প্রথম টেস্ট জয়ের স্বাদ পায় বাংলাদেশ। সাকিব আল হাসান ও মাহমুদউল্লাহর দুর্দান্ত বোলিংয়ে ধরা দেয় সেই জয়। একই সফরে গ্রেনাডায় ৪ উইকেটের জয়ে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জিতে ইতিহাস গড়েছিল বাংলাদেশ।
বিদেশের মাটিতে অর্জিত এই প্রতিটি জয়ই বিশ্বক্রিকেটে বাংলাদেশের ক্রমবর্ধমান শক্তি ও টেস্ট ফরম্যাটে নিজেদের পরিপক্বতার প্রমাণ দেয়।