Image description

বয়স যে কেবল একটি সংখ্যা, সেটি যেন বারবার প্রমাণ করে চলেছেন ইমরান তাহির। ৪৭ বছর বয়সেও প্রতিযোগিতামূলক ক্রিকেটে সমান তালে দাপট দেখিয়ে চলা দক্ষিণ আফ্রিকার সাবেক এই লেগ স্পিনার এবার গড়লেন নতুন ইতিহাস।

 

 

টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগে শিরোপাজয়ী সবচেয়ে বেশি বয়সী অধিনায়ক হিসেবে নিজের নাম আরো উঁচুতে তুললেন ইমরান তাহির। আজ সকালে গ্লোবাল সুপার লিগের (জিএসএল) রুদ্ধশ্বাস ফাইনালে সান ফ্রান্সিসকো ইউনিকর্নসকে ৬ রানে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন হয়েছে তাহিরের নেতৃত্বাধীন গায়ানা আমাজন ওয়ারিয়র্স।  

 

এ দিন তাহিরের বয়স ৪৭ বছর ১২৭ দিন। এর মধ্য দিয়ে তিনি ভেঙে দিয়েছেন নিজেরই আগের রেকর্ড।

গত বছর গায়ানার অধিনায়ক হিসেবে জিএসএল শিরোপা জয়ের দিনে তার বয়স ছিল ৪৬ বছর ১১৩ দিন। 

 

শুধু তা-ই নয়; এই তালিকার শীর্ষ তিন স্থানই এখন ইমরান তাহিরের দখলে। ২০২৩ সালে গায়ানার অধিনায়ক হিসেবেই ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগ (সিপিএল) শিরোপা জয়ের সময় তার বয়স ছিল ৪৪ বছর ১৮১ দিন। 

তাহিরের সেই কীর্তি সবচেয়ে বয়স্ক অধিনায়ক হিসেবে তাকে টি-টোয়েন্টি ফ্র্যাঞ্চাইজি লিগ শিরোপা জয়ের স্বীকৃতি এনে দেয়।

পরের তিন বছরে নিজেই সেটি দুইবার ভাঙলেন।

 

‘চল্লিশে চালশে’ একটি প্রচলিত বাংলা প্রবাদ। কিন্তু ৪৭ পেরিয়েও ফিটনেস, নেতৃত্ব ও প্রতিদ্বন্দ্বিতার মানে তরুণদের সঙ্গে পাল্লা দিয়ে এগোচ্ছেন ইমরান তাহির। এ কারণেই ক্রিকেটপ্রেমীদের কাছে তিনি আবারো প্রমাণ করলেন—বয়স শুধুই একটি সংখ্যা।