Image description

যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনাল ম্যাচে উপস্থিত থাকবেন। হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী রোববার নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনাল অনুষ্ঠিত হবে।

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোও জানিয়েছেন, পরিকল্পনা অনুযায়ী ট্রাম্প তার সঙ্গে যৌথভাবে বিশ্বকাপজয়ী দলের হাতে ট্রফি তুলে দেবেন। ইনফান্তিনোর ভাষায়, আয়োজক দেশের রাষ্ট্রপ্রধান ও ফিফা সভাপতির একসঙ্গে ট্রফি প্রদান করাই দীর্ঘদিনের রীতি।

২০২২ বিশ্বকাপে কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল-থানি এবং ২০১৮ বিশ্বকাপে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনও ফিফা সভাপতির সঙ্গে ট্রফি প্রদান অনুষ্ঠানে অংশ নিয়েছিলেন।

যদিও এবারের বিশ্বকাপে এখনো কোনো ম্যাচে মাঠে দেখা যায়নি ট্রাম্পকে, তবে টুর্নামেন্টজুড়ে তিনি আলোচনায় ছিলেন। বিশেষ করে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনের লাল কার্ডের নিষেধাজ্ঞা পুনর্বিবেচনার জন্য তিনি ফিফার কাছে অনুরোধ করেছিলেন। পরে ফিফা সেই নিষেধাজ্ঞা প্রত্যাহারও করে।