বিশ্বকাপের সেমিফাইনালে আজ ইংল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। এই ম্যাচের আগে লিওনেল মেসিকে ঘিরে একটি অদ্ভুত ভবিষ্যদ্বাণী সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে। অনেক সমর্থকের বিশ্বাস, মেসির ক্যারিয়ারে ব্যবহৃত কয়েকটি জার্সি নম্বরের সঙ্গে আর্জেন্টিনার বড় শিরোপা জয়ের তারিখের মিল রয়েছে। তাই এবারও হয়তো সেই ধারাবাহিকতা বজায় থাকতে পারে।
ইনস্টাগ্রামে কনটেন্ট নির্মাতা তানো মাজ্জেই একটি ভিডিওতে এই তত্ত্ব তুলে ধরেন। তার দাবি, মেসির পুরোনো জার্সি নম্বরগুলো আর্জেন্টিনার সাম্প্রতিক বড় শিরোপা জয়ের তারিখের সঙ্গে আশ্চর্যজনকভাবে মিলে গেছে।
প্রথমে রয়েছে ১০ নম্বর জার্সি। ২০২১ সালের ১০ জুলাই ব্রাজিলকে হারিয়ে কোপা আমেরিকার শিরোপা জেতে আর্জেন্টিনা। দীর্ঘ ২৮ বছর পর এটিই ছিল দলের প্রথম বড় আন্তর্জাতিক শিরোপা।
এরপর আসে ১৮ নম্বর জার্সি। ক্যারিয়ারের শুরুতে এই নম্বরও ব্যবহার করেছিলেন মেসি। ২০২২ সালের ১৮ ডিসেম্বর ফ্রান্সকে হারিয়ে বিশ্বকাপ জেতে আর্জেন্টিনা। সেদিনই প্রথমবারের মতো বিশ্বকাপ ট্রফি হাতে তোলেন মেসি।
এরপর ১৫ নম্বর জার্সির কথাও সামনে আসে। ২০২৪ সালের কোপা আমেরিকার ফাইনাল ১৪ জুলাই শুরু হলেও ম্যাচটি বিলম্বে শুরু হওয়ায় শেষ হয় ১৫ জুলাই। সেদিনও শিরোপা জেতে আর্জেন্টিনা।
এবার আলোচনায় এসেছে ১৯ নম্বর জার্সি। ক্যারিয়ারের শুরুর দিকে এই নম্বরও পরেছিলেন মেসি। আর ২০২৬ বিশ্বকাপের ফাইনাল অনুষ্ঠিত হবে আগামী ১৯ জুলাই, যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে। এ কারণেই অনেক সমর্থক মনে করছেন, ১৯ নম্বরও হয়তো আর্জেন্টিনার জন্য নতুন শিরোপার বার্তা বহন করছে।
অবশ্য এই তত্ত্বের পক্ষে কোনো বৈজ্ঞানিক বা বাস্তব প্রমাণ নেই। এটি মূলত সমর্থকদের বিশ্বাস ও কুসংস্কারের অংশ। তবে ফুটবলে এমন কাকতালীয় ঘটনা ও নানা বিশ্বাস নতুন নয়। বিশেষ করে মেসিকে ঘিরে আর্জেন্টিনার সমর্থকদের আবেগ সব সময়ই একটু বেশি।
বর্তমান বিশ্বকাপে মিসর ও সুইজারল্যান্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছে আর্জেন্টিনা। আজ ইংল্যান্ডকে হারাতে পারলে ১৯ জুলাইয়ের ফাইনালে খেলবে দলটি। আর সেটিই নতুন করে জোরালো করেছে ‘১৯ নম্বরের ভবিষ্যদ্বাণী’।
এই তত্ত্ব সত্যি কি না, তার উত্তর মিলবে মাঠেই। তবে আর্জেন্টিনার সমর্থকদের বিশ্বাস, ১০, ১৮ ও ১৫ নম্বর যেমন শিরোপার সঙ্গে মিলেছে, এবার হয়তো ১৯ নম্বরও ইতিহাসের অংশ হয়ে উঠতে পারে।