চট্টগ্রামে আরও ১২ শিশুর দেহে হাম শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ নগরীর ও ৫ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। এ নিয়ে হাম আক্রান্তের সংখ্যা ৩৪৬ জনে দাঁড়িয়েছে। এদের মধ্যে নগরীর ২৮৬ জন এবং উপজেলার বাসিন্দা রয়েছে ৬০ জন।
বুধবার (১৫ জুলাই) বিকালে চট্টগ্রাম জেলা সিভিল সার্জন কার্যালয়ের পক্ষ থেকে এসব তথ্য নিশ্চিত করা হয়।
এদিকে বুধবার সকাল পর্যন্ত এর আগের ২৪ ঘণ্টায় হামের উপসর্গ থাকা আরও ৬২ শিশুকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এদিন হামের উপসর্গ নিয়ে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ২৮০ জন শিশু চিকিৎসাধীন ছিল। এছাড়া সুস্থ হওয়ায় ৫৬ জন শিশুকে হাসপাতাল থেকে ছাড়পত্র দেওয়া হয়েছে।
সিভিল সার্জন কার্যালয় সূত্র জানায়, বুধবার পর্যন্ত চট্টগ্রামে হামের উপসর্গ নিয়ে ৪ হাজার ৫৩৬ জন শিশু হাসপাতালে ভর্তি হয়েছে। এদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছে ৪ হাজার ২৫৬ জন। বাকিরা চিকিৎসাধীন। এছাড়া চট্টগ্রাম জেলা ও নগরী থেকে এ পর্যন্ত ১ হাজার ৮৯২ জনের নমুনা পরীক্ষার জন্য ঢাকার ন্যাশনাল পোলিও অ্যান্ড মিজেলস ল্যাবরেটরিতে পাঠানো হয়েছে। এদের মধ্যে ১ হাজার ৫৫৭ জনই নগরীর বাসিন্দা।
তবে বুধবার নতুন কোনো নমুনা পরীক্ষার জন্য ঢাকায় পাঠানো হয়নি। এ পর্যন্ত সন্দেহজনক হামে ১২ জন এবং শনাক্তকৃত হামে ৩ জনের মৃত্যু হয়েছে।
চট্টগ্রাম জেলার সিভিল সার্জন ডা. জাহাঙ্গীর আলম বলেন, শতভাগ টিকা দেওয়া হয়েছে। আশা করছি, কিছুদিনের মধ্যে হামের প্রকোপ নিয়ন্ত্রণে চলে আসবে।