বিশ্বকাপের গ্রুপপর্বের প্রথম ম্যাচগুলো শেষ হওয়ার পর থেকেই সম্ভাব্য নকআউট সমীকরণ নিয়ে আলোচনা শুরু হয়েছে। ৪৮ দলের এই আসরে বর্তমান পয়েন্ট টেবিল অনুযায়ী শেষ ৩২-এ ব্রাজিল ও জার্মানির মুখোমুখি হওয়ার সম্ভাবনা তৈরি হয়েছে।
অবশ্য গ্রুপপর্বে এখনও প্রতিটি দলের দুটি করে ম্যাচ বাকি থাকায় চূড়ান্ত চিত্র নির্ভর করবে পরবর্তী ফলাফলের ওপর। তবে বিদ্যমান পরিস্থিতিতে দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ের সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করায় গ্রুপ ‘সি’-তে কিছুটা চাপে রয়েছে ব্রাজিল। শনিবার সকাল ৬টা ৩০ মিনিটে হাইতির বিপক্ষে মাঠে নামবে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।
গ্রুপের অন্য ম্যাচে হাইতিকে ১-০ গোলে হারিয়ে শীর্ষে উঠে গেছে স্কটল্যান্ড। সমান এক পয়েন্ট নিয়ে মরক্কো দ্বিতীয় এবং ফেয়ার প্লের বিচারে তৃতীয় স্থানে রয়েছে ব্রাজিল।
গ্রুপের শীর্ষ দুইয়ে উঠে সরাসরি নকআউট নিশ্চিত করতে হলে হাইতির বিপক্ষে পূর্ণ তিন পয়েন্ট অর্জন করতেই হবে সেলেসাওদের। অন্যথায় স্কটল্যান্ডের বিপক্ষে শেষ ম্যাচের আগে তাদের ওপর চাপ আরও বাড়বে।
বর্তমানে ব্রাজিল সরাসরি কোয়ালিফিকেশন অঞ্চলের বাইরে থাকলেও সেরা তৃতীয় দল হিসেবেও পরের রাউন্ডে ওঠার সুযোগ রয়েছে।
নতুন ফরম্যাট অনুযায়ী, ১২টি গ্রুপের তৃতীয় হওয়া দলগুলোর মধ্যে সেরা আটটি দল শেষ ৩২-এ জায়গা করে নেবে। তবে এই দলগুলোর প্রতিপক্ষ নির্ধারণ করা হবে একটি নির্দিষ্ট বিন্যাস অনুযায়ী, যেখানে বিবেচনায় নেওয়া হবে কোন কোন গ্রুপ থেকে দলগুলো তৃতীয় হয়ে এসেছে।
অর্থাৎ সেরা তৃতীয় দলের তালিকায় কোনো দল প্রথম না অষ্টম—সেটি গুরুত্বপূর্ণ নয়। বরং তারা কোন গ্রুপ থেকে এসেছে, সেটিই নকআউটের প্রতিপক্ষ নির্ধারণে মূল ভূমিকা রাখবে।
বর্তমান সমীকরণ অনুযায়ী, গ্রুপ ‘সি’-এর তৃতীয় দলকে গ্রুপ ‘এ’, ‘ই’ বা ‘আই’-এর শীর্ষ দলের বিপক্ষে খেলতে হতে পারে। এখনকার হিসাব অনুযায়ী, সেই সম্ভাব্য প্রতিপক্ষ জার্মানি।
প্রথম ম্যাচে কুরাসাওকে ৭-১ গোলে উড়িয়ে দিয়ে নিজেদের শক্তিমত্তার জানান দিয়েছে জার্মানি। অন্যদিকে মরক্কোর সঙ্গে ড্র করায় সেরা তৃতীয় দলগুলোর তালিকায় আপাতত দ্বিতীয় স্থানে রয়েছে ব্রাজিল। এই পরিস্থিতি অপরিবর্তিত থাকলে নকআউটে দুই ফুটবল পরাশক্তির মুখোমুখি হওয়ার সম্ভাবনা জোরালো হতে পারে।