একুশে পদকপ্রাপ্ত কবি আল মুজাহিদীর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আজ শুক্রবার (১৯ জুন) দুপুরে কবির মৃত্যুর পর বেলা ৩টার দিকে এক ফেসবুক পোস্টে এই শোক প্রকাশ করেন তিনি।
‘মহান রবের ডাকে সাড়া দিয়ে চলে গেলেন কবি আল মুজাহিদী’ শিরোনামে শোকবার্তায় বিরোধীদলীয় নেতা লিখেছেন, বিশ শতকের ষাটের দশকের অন্যতম প্রধান কবি আল মুজাহিদী (জন্ম: ১ জানুয়ারি ১৯৪৩) কিছুক্ষণ আগে দুনিয়ার সফর শেষ করে মহান রবের ডাকে সাড়া দিয়ে ইন্তিকাল করেছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
জামায়াত আমির আরও লিখেছেন, কবি আল মুজাহিদী তিন দশকেরও অধিক সময় ধরে দৈনিক ইত্তেফাক-এর সাহিত্য সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করেছেন। তিনি ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। কবিতার পাশাপাশি গল্প, উপন্যাস, প্রবন্ধ, সমালোচনাসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখে গেছেন। শিশু সাহিত্যে তাঁর অবদানও বিশেষভাবে উল্লেখযোগ্য।
আল মুজাহিদীকে ‘বিশ্বাস ও মূল্যবোধের কবি’ উল্লেখ করে ডা. শফিকুর রহমান লিখেছেন, তার সাহিত্যকর্ম এবং সৃজনশীল অবদান বাংলা সাহিত্যাঙ্গনে চিরস্মরণীয় হয়ে থাকবে। জাতি কৃতজ্ঞতার সঙ্গে তার অবদান স্মরণ করবে। আল্লাহ রাব্বুল আলামিন তার জীবনের সকল নেক আমল ও খেদমত কবুল করুন। তার সকল ভুল-ত্রুটি ও গুনাহ ক্ষমা করে সেগুলোকে নেকিতে পরিণত করুন এবং তাকে জান্নাতুল ফেরদাউসের সর্বোচ্চ মর্যাদা দান করুন।
বিরোধীদলীয় নেতা আরও লিখেছেন, আল্লাহ তাআলা তার কবরের জীবনকে শান্তিময় ও জান্নাতি জীবনে পরিণত করুন, তার কবরকে প্রশস্ত করে জান্নাতের নূরে পরিপূর্ণ করে দিন। মহান রব তার পরিবারের সম্মানিত সদস্যবৃন্দ, আত্মীয়-স্বজন, শুভাকাঙ্ক্ষী, সহকর্মী, ভক্ত ও গুণগ্রাহীদের এ শোক সইবার তাওফিক দান করুন এবং সবাইকে উত্তম সবর অবলম্বন করার শক্তি দিন। আমিন।
এর আগে আজ শুক্রবার (১৯ জুন) দুপুর ১টা ৪০ মিনিটে রাজধানীর গুলশানের ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮৬ বছর।
পারিবারিক সূত্রে জানা গেছে, কবি আল মুজাহিদী দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত বিভিন্ন জটিলতা এবং হৃদরোগে ভুগছিলেন। সম্প্রতি তার শারীরিক অবস্থার গুরুতর অবনতি হলে এবং কিডনি জটিলতাসহ ফুসফুসে পানি জমায় তাকে ইউনাইটেড হাসপাতালের করোনারি কেয়ার ইউনিটে (সিসিইউ) ভর্তি করা হয়েছিল। সেখানে নিবিড় পর্যবেক্ষণে থাকাকালীন আজ দুপুরে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন।
বাংলা সাহিত্যের ষাটের দশকের অন্যতম প্রধান এই কবির প্রয়াণে দেশের সাহিত্য ও সাংস্কৃতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। কবি আল মুজাহিদীর জন্ম ১৯৪৩ সালের ১৯ জুন, টাঙ্গাইলে। তিনি দীর্ঘ তিন দশকেরও বেশিকাল দৈনিক ইত্তেফাক পত্রিকার সাহিত্য সম্পাদকের দায়িত্ব পালন করেছেন। কবিতা, উপন্যাস, গল্প, অনুবাদ ও শিশুসাহিত্যসহ সাহিত্যের বিভিন্ন শাখায় তার অবদান ছিল অতুলনীয়। তার উল্লেখযোগ্য কাব্যগ্রন্থের মধ্যে রয়েছে ‘হেমলকের পেয়ালা’, ‘ধ্রুপদ ও টেরাকোটা’, ‘যুদ্ধ নাস্তি’ প্রভৃতি। সাহিত্যে অনন্য অবদানের স্বীকৃতিস্বরূপ তিনি রাষ্ট্রীয় সর্বোচ্চ সম্মাননা ‘একুশে পদক’ ছাড়াও অসংখ্য পুরস্কারে ভূষিত হয়েছেন।