Image description

বিশ্বকাপের পর্দা উঠতে আর মাত্র কয়েকদিন বাকি। যেখানে শিরোপার অন্যতম দাবিদার দলগুলো পূর্ণ শক্তির স্কোয়াড নিয়ে শেষ মুহূর্তের প্রস্তুতি সেরে নিচ্ছে, সেখানে চোটের ধাক্কায় বেশ বিপাকে পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা। ইনজুরিতে জর্জরিত আলবিসেলেস্তেদের বিশ্বকাপ স্কোয়াডের অন্তত সাতজন ফুটবলার বর্তমানে শারীরিক সমস্যায় ভুগছেন। ফলে তাদের বিশ্বকাপে অংশগ্রহণ নিয়েও তৈরি হয়েছে অনিশ্চয়তা।

 

বিশ্বকাপের আগে নিজেদের প্রথম প্রস্তুতি ম্যাচে হন্ডুরাসকে হারানোর পর সংবাদ সম্মেলনে আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনি জানান, এখনই কোনো চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সময় আসেনি।

স্কালোনি বলেন, আমাদের কয়েকজন খেলোয়াড় এখনও শতভাগ ফিট নয়। বিষয়টি শুধু একজন ডিফেন্ডারকে ঘিরে নয়, আরও কয়েকজনকে নিয়ে আমাদের চিন্তা করতে হচ্ছে। সামনে আরেকটি প্রস্তুতি ম্যাচ আছে। সেটি শেষ হওয়ার পরই পরিস্থিতি পরিষ্কার হবে। মঙ্গলবারের আগে কোনো সিদ্ধান্ত নেওয়া সম্ভব নয়।

হন্ডুরাস ম্যাচের আগের দিনই বড় ধাক্কা খায় আর্জেন্টিনা। কাফ ইনজুরিতে বিশ্বকাপ থেকে ছিটকে যান ডিফেন্ডার লিওনার্দো বালের্দি। যদিও তার বদলি এখনো ঘোষণা করেননি স্কালোনি।  

 

 

এদিকে দলের দুই রাইটব্যাক গঞ্জালো মন্তিয়েল ও নাহুয়েল মলিনা মাংসপেশির চোটে ভুগছেন। ২০২২ বিশ্বকাপজয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য লিয়ান্দ্রো পারেদেসও গ্রেড-১ পর্যায়ের মাংসপেশির ইনজুরিতে আক্রান্ত। স্ট্রাইকার হুলিয়ান আলভারেজ আঙুলের প্রদাহে ভুগলেও বিশ্বকাপ শুরুর আগেই সুস্থ হয়ে ওঠার ব্যাপারে আশাবাদী।

চোটের তালিকায় রয়েছেন গোলরক্ষক এমিলিয়ানো মার্টিনেজও। সম্প্রতি অ্যাস্টন ভিলার হয়ে ইউরোপা লিগ জেতা এই তারকা গোলকিপার এখনও ডান হাতের আঙুলের চিড় থেকে পুরোপুরি সেরে উঠতে পারেননি। পাশাপাশি তরুণ মিডফিল্ডার নিকো পাজও বাম পায়ের ব্যথার কারণে পুরো ফিট নন।

সব মিলিয়ে বিশ্বকাপের ঠিক আগে পূর্ণ শক্তির দল পাচ্ছেন না স্কালোনি। শিরোপা ধরে রাখার মিশনে নামার আগে একের পর এক ইনজুরি আর্জেন্টিনা শিবিরে বাড়িয়ে দিয়েছে উদ্বেগ। বর্তমান পরিস্থিতিতে বিশ্বচ্যাম্পিয়নদের ড্রেসিংরুম যেন ছোটখাটো একটি চিকিৎসাকেন্দ্রেই পরিণত হয়েছে।