Image description

আসন্ন ফুটবল বিশ্বকাপের স্টেডিয়ামে দর্শকদের পানির বোতল বহন করা নিয়ে তুমুল বিতর্কের পর অবশেষে সুর পাল্টালো ফিফা। নিজেদের অবস্থান স্পষ্ট করে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্তা সংস্থাটি জানিয়েছে, দর্শকেরা এবার স্টেডিয়ামে একটি সিল করা ডিসপোজেবল (একবার ব্যবহারযোগ্য) পানির বোতল নিয়ে প্রবেশ করতে পারবেন। এর আগে নিরাপত্তার কারণ দেখিয়ে স্টেডিয়ামে যেকোনো ধরনের বোতল, কাপ, জার ও ক্যান বহন নিষিদ্ধ করার সিদ্ধান্ত নেয় ফিফা। টুর্নামেন্ট শুরুর মাত্র এক সপ্তাহ আগে এমন সিদ্ধান্তের পর বিশ্বব্যাপী তুমুল সমালোচনার মুখে পড়ে তারা। তীব্র গরমের মধ্যে এমন নিষেধাজ্ঞা দর্শকদের বড় ধরনের স্বাস্থ্যঝুঁকিতে ফেলতে পারে বলে হুঁশিয়ারি দিয়েছিলেন স্বাস্থ্য ও তাপমাত্রাবিষয়ক বিশেষজ্ঞরা।

বিশ্বজুড়ে তোপের মুখে পড়ে এখন নতুন ব্যাখ্যা দিয়েছে ফিফা। সংস্থাটি জানিয়েছে, মূলত নিষিদ্ধ করা হয়েছে শুধু শক্ত কাঠামোর পুনর্ব্যবহারযোগ্য (রিইউজেবল) পানির বোতল। ২০২৬ বিশ্বকাপের প্রধান পরিচালন কর্মকর্তা হাইমো শিরগি এই বিষয়ে স্পষ্ট বার্তা দিয়ে বলেন, ‘প্রত্যেক দর্শক সর্বোচ্চ ২০ আউন্স বা ৫৬০ মিলিলিটার ধারণক্ষমতার একটি সিল করা নরম প্লাস্টিকের পানির বোতল স্টেডিয়ামে আনতে পারবেন। তবে শক্ত কাঠামোর পুনরায় ব্যবহারযোগ্য পানির পাত্র আনা যাবে না। কারণ এগুলো ছুঁড়ে মারলে নিরাপত্তা ঝুঁকি তৈরি হতে পারে।’

বিশ্বকাপের আগের স্টেডিয়াম আচরণবিধিতে উল্লেখ ছিল, ১ লিটার পর্যন্ত ধারণক্ষমতার স্বচ্ছ ও খালি পুনর্ব্যবহারযোগ্য প্লাস্টিকের বোতল স্টেডিয়ামে নেয়া যাবে। কিন্তু হঠাৎ সেই নীতিতে পরিবর্তন আনায় ক্ষুব্ধ হন ফুটবলপ্রেমীরা। পরিস্থিতি সামাল দিতে ফিফা আরও জানিয়েছে, স্টেডিয়ামের ভেতরেও পর্যাপ্ত পানি কেনার সুযোগ থাকবে এবং এর জন্য স্বাভাবিক মূল্যের চেয়ে কোনো অতিরিক্ত দাম রাখা হবে না। উল্লেখ্য, গত ২০২২ কাতার বিশ্বকাপেও দর্শকদের স্টেডিয়ামে কোনো ধরনের পানির বোতল নিয়ে প্রবেশের অনুমতি ছিল না।