Image description

বিত্তবান খেলোয়াড়দের তালিকায় শীর্ষস্থানটা নিজের করে নিয়েছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বিশ্বখ্যাত সাময়িকী ফোর্বসের প্রকাশিত বিশ্বের সর্বোচ্চ আয় করা ৫০ ক্রীড়াবিদের তালিকায় টানা চতুর্থবারের মতো এক নম্বরে আছেন পর্তুগিজ ফরোয়ার্ড।

২০২৬ সালের তালিকায় ফোর্বসের হিসাব অনুযায়ী, রোনালদোর মোট আয় প্রায় ৩০০ মিলিয়ন মার্কিন ডলার। তালিকার দ্বিতীয় স্থানে রয়েছেন মেক্সিকান বক্সার কানেলো আলভারেজ। যার আয় ১৭০ মিলিয়ন ডলার। আর আর্জেন্টাইন বিশ্বকাপজয়ী লিওনেল মেসি আছেন তিন নম্বরে। তার আয় ১৪০ মিলিয়ন ডলার। আয়ের এই হিসাব করা হয়েছে মাঠের ভেতর ও বাইরের মোট উপার্জন মিলিয়ে।

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেস শহরও ক্রীড়াবিদদের জন্য বেশ লাভজনক বাজার হিসেবে উঠে এসেছে। এনবিএ তারকা লেব্রন জেমস ১৩৭.৮ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার চতুর্থ স্থানে রয়েছেন। আর বেসবল তারকা শোহেই ওহতানি ১২৭.৬ মিলিয়ন ডলার আয় নিয়ে আছেন পঞ্চম স্থানে।

এছাড়া তালিকায় উল্লেখযোগ্যদের মধ্যে রয়েছেন কানসাস সিটি চিফসের কোয়ার্টারব্যাক প্যাট্রিক ম্যাহোমেস। তিনি ৮৪.৭ মিলিয়ন ডলার আয় নিয়ে আছেন ১৫ নম্বরে। ইউটিউবার থেকে বক্সার হওয়া জেক পল ৭০ মিলিয়ন ডলার আয় করে ২৩ নম্বরে আছেন। আর টেনিস তারকা ইয়ানিক সিনার ৫৪.৬ মিলিয়ন ডলার আয় নিয়ে তালিকার ৫০তম স্থানে রয়েছেন।

ফোর্বস জানিয়েছে, ২০১৮ সালের পর থেকে বিশ্বের সর্বোচ্চ আয় করা ৫০ ক্রীড়াবিদের সম্মিলিত আয় ২.৬ বিলিয়ন ডলার থেকে বেড়ে ৪.২ বিলিয়ন ডলারে পৌঁছেছিল। তবে চলতি বছরে সেই ধারাবাহিক বৃদ্ধিতে কিছুটা ভাটা পড়েছে। গত ১২ মাসে কর ও এজেন্ট ফি বাদে শীর্ষ ৫০ ক্রীড়াবিদের মোট আয় দাঁড়িয়েছে প্রায় ৪.১ বিলিয়ন ডলার। এসবের মধ্যে বেতন, বোনাস ও পুরস্কার মিলিয়ে আয় হয়েছে ৩ বিলিয়ন ডলার। আর মাঠের বাইরের আয়- যেমন স্পন্সরশিপ, বিভিন্ন অনুষ্ঠানে অংশগ্রহণ, স্মারক সামগ্রী বিক্রি ও অন্যান্য ব্যবসায়িক কার্যক্রম থেকে এসেছে ১.১ বিলিয়ন ডলার।