হঠাৎ কী হলো জাসপ্রিত বুমরাহর? যার বল খেলতে গিয়ে অনেকের শিরদাঁড়া দিয়ে শীতল পানি নামত সেই বুমরাহকে এবার তুলোধুনো করছেন ব্যাটাররা। তাতে প্রশ্ন জাগছে তবে কী শেষের শুরুই হলো তার।
এমনটা বলা বাড়াবাড়ি মনে হলেও এবারের আইপিএলের পরিসংখ্যান যে বুমরাহর বিপক্ষেই কথা বলছে। তার মতো পেসারের ক্ষেত্রে ২/৩ ম্যাচ অফফর্মে চলে যাওয়ার পর ছন্দে ফিরবেন এমনটা হওয়ার কথা ছিল।
নিজের সেরা অস্ত্র ইয়র্কারে ব্যাটারদের স্টাম্প উপড়ে ফেলে উইকেটের ঝুলি বাড়ানোর কথা ছিল বুমরাহ। ক্যারিয়ারের শুরু থেকে যে জাদু দেখিয়ে আসছেন তিনি। কিন্তু এবার উইকেটের জন্য হাপিতাশ্যে করতে হচ্ছে ভারতীয় পেসারকে।
অভিজ্ঞ ব্যাটাররা তো রান নিচ্ছেনই, সানরাইজার্স হায়দরাবাদের সলিল অরোর মতো আনকোরা ব্যাটারের হাতে মার খাচ্ছেন বুমরাহ। এমন দুঃসহ অভিজ্ঞতার মুখোমুখি পুরো ক্যারিয়ারে পড়েননি তিনি। তাতে মনে হচ্ছে চূড়া থেকে হঠাৎ পতনের দিকে তিনি।
এবারের আইপিএলে এখন পর্যন্ত করা বোলারদের একটা পরিসংখ্যান দিলে বিষয়টি আরও পরিস্কার হবে। যেভাবে দেদারসে রান খরচ করেছেন তাতে বিব্রতকর এক রেকর্ডে নাম তুলেছেন তিনি। আইপিএলের ইতিহাসে এখন পর্যন্ত এক আসরে কমপক্ষে ২৫ ওভার করেছেন এমন বোলারদের মধ্যে সবচেয়ে বাজে অ্যাভারেজ তার।
এখন পর্যন্ত ৮ ম্যাচে ২৬৪ রান খরচ করেছেন বুমরাহ। নামের পাশে উইকেট জুটিয়েছেন ২টি।
বুমরাহর ধারে কাছে যারা আছেন তারা হচ্ছেন-কাইরন পোলার্ড ও মোহিত শর্মা। ২০১৪ সালে ২ উইকেট পেতে ১৩১ গড়ে রান দিয়েছিলেন তারই এক সময়কার আইপিএল সতীর্থ ও বর্তমানে মুম্বাইয়ের ব্যাটিং কোচ পোলার্ড। অন্যদিকে আর একজনই কমপক্ষে ১০০ গড়ে রান খরচ করেছেন এক আসরে। ২০২৫ আইপিএলে দিল্লি ক্যাপিটালসের হয়ে ২ উইকেটে নিতে ১২৮.৫০ গড়ে রান দিয়েছেন মোহিত।
অথচ, ভারতের টানা দুই টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ে কী দুর্দান্ত বোলিংটাই না করেছেন বুমরাহ। বিশেষ করে ২০২৪ বিশ্বকাপ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ফাইনালে অবিশ্বাস্য বোলিংটা না করলে ট্রফি উঁচিয়ে ধরা হতো না ভারতের। তেমনি মুম্বাইয়ের ৫ ট্রফি জয়েও অনবদ্য অবদান তার। সেই বুমরাহই কিনা এবার ব্যাটারদের মাইর থেকে বাঁচার উপায় খুঁজছেন।