রেমিট্যান্স যোদ্ধাদের যথাযথ মর্যাদার দিতে সরকারের প্রতি আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান।
শুক্রবার (১ মে) বিকেলে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন আয়োজিত শ্রমিক সমাবেশে তিনি এ আহ্বান জানান।
জামায়াতে ইসলামীর আমির বলেন, মালিক ও শ্রমিকের আমরা পারস্পারিক শ্রদ্ধা, মর্যাদার সম্পর্ক চাই। মালিক যদি শ্রমিকদের ঠকায়, তাহলে ওই শ্রমিক ভাই-বোন মালিকের জন্য তার সবকিছু উজাড় করে কাজ করবে না। এতে উভয়ের ক্ষতি হবে। আমরা কারও ক্ষতি চাই না।
তিনি বলেন, আজকে দেশের শ্রমিকদের জন্য কথা বলছি। কিন্তু বিদেশে থাকা আমাদের শ্রমিক ভাই-বোনদের নিয়ে কথা বলবে কে? রুটি-রুজি, ভাগ্য পরিবর্তনের আশায় এরা সমুদ্রে নৌকার ওপরে চড়ে বসে। তারপর কোনো একটা ঢেউ এসে তাদেরকে সমুদ্রের পেটে হজম করে ফেলে। আর কেউ ভাগ্যবশত কোথাও গিয়ে পৌঁছায়।
প্রবাসে বাংলাদেশি শ্রমিকদের কষ্টের কথা তুলে ধরে ডা. শফিকুর রহমান বলেন, যাদেরকে আমরা মুখরোচকভাবে রেমিট্যান্স যোদ্ধা বলি, প্রবাসে তারা তিন শিফটে একটা সিট ভাগাভাগি করে ঘুমান। একজন ঘুমালে আরেকজনকে অপেক্ষা করতে হয় তার জেগে ওঠার জন্য। তাদের মুখের গ্রাস সেক্রিফাইস করে দেশে টাকা পাঠান। আমরা খুব সুন্দর করে বলি তার রেমিট্যান্স যোদ্ধা। কিন্তু এই যোদ্ধাদেরকে কোনো মর্যাদা দিই না।
তিনি আরও বলেন, তারা যখন পাসপোর্ট রিনিউ (হালনাগাদ) করতে যান, তখন ঘাটে ঘাটে দালালের খপ্পরে পড়ে বিড়ম্বিত হয়ে কষ্ট পান। সেখানে মিশন আছে, দূতাবাস আছে, বড় বড় কর্মকর্তারা আছেন, কিন্তু আমাদের ভাইদের কষ্ট পোহাতে হয়। তারা যখন চাকরি হারান (অসংগত কারণে), তখন তাদের পাশে কাউকে পাওয়া যায় না। এই পরিস্থিতি আর দেখতে চাই না। তাদেরকে যেন রেমিট্যান্স যোদ্ধার মর্যাদা দেওয়া হয়। তাদের প্রয়োজনে দেশ এবং সরকার যেন পাশে দাঁড়ায়।