Image description

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) বিজয়-২৪ হলে এক ব্যতিক্রমী ও আনন্দঘন আয়োজনের মধ্য দিয়ে হলের গাছ থেকে পাড়া টাটকা লিচু শিক্ষার্থীদের মাঝে বিতরণ করা হয়েছে। শুক্রবার (১ মে) দুপুরে হল সংসদের পক্ষ থেকে প্রতিটি কক্ষে গিয়ে শিক্ষার্থীদের হাতে এই মৌসুমি ফল পৌঁছে দেওয়া হয়।

হলের গাছ থেকে প্রায় পাঁচ হাজার লিচু সংগ্রহ করা হয়েছে। এরপর সেগুলো পিএইচডি ব্লকসহ হলের মোট ১৩৫টি কক্ষের শিক্ষার্থীদের মাঝে সমানভাবে ভাগ করে দেওয়া হয়। প্রতিটি রুমের শিক্ষার্থীরা ২৫ থেকে ৩০টি করে টাটকা লিচু পেয়েছেন। শুধু শিক্ষার্থীই নয়, হলের সকল স্তরের কর্মকর্তা ও কর্মচারীদের মাঝেও এই আনন্দ ভাগ করে নিতে লিচু বিতরণ করা হয়েছে।

লিচু বিতরণকালে হলের প্রভোস্ট অধ্যাপক মো. জামিরুল ইসলাম সশরীরে উপস্থিত থেকে শিক্ষার্থীদের উৎসাহিত করেন। তিনি বলেন, হলের মধ্যে একটি লিচু গাছ ছিল। সেখানে এ বছর প্রচুর লিচু ধরেছিল। আমরা চেয়েছিলাম এ বছর লিচুগুলো হলের সকল শিক্ষার্থীর মাঝে বিতরণ করব। লিচু সংগ্রহ করে সকল রুমে রুমে পৌঁছে দেওয়া হয়েছে। এছাড়াও হলের সকল কর্মকর্তা-কর্মচারীদেরকেও দেওয়া হয়েছে। উৎসবমুখর পরিবেশে সবাই আমরা এটা উপভোগ করেছি।

বিজয়-২৪ হল সংসদের সহ-সভাপতি (ভিপি) রাসেল মিয়া বলেন, আমরা গত বছরের ধারাবাহিকতা বজায় রেখে এ বছরও শিক্ষার্থীদের সহযোগিতায় গাছ থেকে লিচু সংগ্রহ করেছি। হলের এই ফল পাড়ার আনন্দ আমাদের শৈশবের স্মৃতি মনে করিয়ে দেয়। শিক্ষার্থীদের মাঝে এই যে ভ্রাতৃত্ব ও উৎসবমুখর পরিবেশ, তা সত্যিই অনন্য।

হলের আবাসিক শিক্ষার্থীরা এই উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন। সাধারণ শিক্ষার্থীদের মতে, হলের গাছের ফলের ওপর সবার সমান অধিকার নিশ্চিত করার এই সংস্কৃতি অন্য হলগুলোর জন্য একটি উদাহরণ হয়ে থাকবে।

ফল সংগ্রহের শুরু থেকে বিতরণ পর্যন্ত পুরো সময়টি হলের কর্মকর্তা, কর্মচারী ও শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে এক মিলনমেলায় পরিণত হয়।