Image description

ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে ওয়ানডে সিরিজ জয়ে রেটিং পয়েন্ট বেড়েছে বাংলাদেশের। পাশাপাশি, খেলোয়াড়দের ব্যক্তিগত র‌্যাঙ্কিংয়েও উন্নতি হয়েছে। কিউইদের বিপক্ষে ২-১ ব্যবধানে জেতা এই সিরিজে তিন পেসার নাহিদ রানা, শরীফুল ইসলাম ও মোস্তাফিজুর রহমানের বড় অগ্রগতি দেখিয়েছেন।

এদিকে ব্যাটারদের মধ্যে নাজমুল হোসেন শান্ত এবং লিটন দাসও র‌্যাঙ্কিংয়ে এগিয়েছেন। এ ছাড়া অলরাউন্ডারদের তালিকায় মেহেদী হাসান মিরাজেরও উন্নতি হয়েছে । বুধবার (২৯ এপ্রিল) আইসিসির প্রকাশিত হালনাগাদ র‌্যাঙ্কিং থেকেই এসব তথ্য জানা গেছে।

ব্ল্যাক-ক্যাপসদের বিপক্ষে মোট ১৮ উইকেট নেন টাইগার পেসত্রয়ী। যেখানে ১১ ধাপ এগিয়ে ২৮তমস্থানে শরীফুল, ১৪ ধাপ লাফ দিয়ে ৪১তমস্থানে মোস্তাফিজ এবং ১৬ ধাপ এগিয়ে শীর্ষ পঞ্চাশে উঠেছেন সিরিজসেরা নাহিদ। ক্যারিয়ারে দ্বিতীয়বার ফাইফার নিয়ে ৪৮তম স্থানে উঠেছেন এই গতিতারকা।

ব্যাটারদের র‍্যাঙ্কিংয়ে ১১ ধাপ উন্নতি করে ৩২তমস্থান শান্ত এবং ১৫ ধাপ এগিয়ে ৬৫তমস্থানে আছেন লিটন। এ ছাড়া চট্টগ্রামে সিরিজ নির্ধারণী ম্যাচে ২৮ রান ও ২ উইকেট নিয়ে অলরাউন্ডার তালিকায় যৌথভাবে তিনে আছেন মিরাজ।

সিরিজের প্রথম টি-টোয়েন্টি শেষ হতেই এই ফরম্যাটের র‍্যাঙ্কিংয়েও উন্নতি দেখা গেছে। ম্যাচসেরা পারফরম্যান্সের সুবাদে ব্যাটারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে ৩৯ নম্বরে উঠে এসেছেন তাওহীদ হৃদয়। অন্যদিকে, তিন ধাপ এগিয়ে ৪০ নম্বরে অবস্থান করছেন পারভেজ হোসেন ইমন। বোলারদের র‌্যাংকিংয়েও তিন ধাপ এগিয়ে এখন ১৮তম স্থানে আছেন শেখ মেহেদী।