Image description

জুলাই গণ-অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে আনতে লক্ষ্মীপুরের কমলনগরে আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীদের শপথ পাঠের ঘটনায় দায়ের মামলায় ইমান আলী নামের এক যুবলীগ নেতাকে কারাগারে পাঠানো হয়েছে। বুধবার (২৯ এপ্রিল) দুপুরে লক্ষ্মীপুর আদালতের মাধ্যমে তাকে জেলা কারাগারে পাঠানো হয়।

গ্রেপ্তার ইমান আলী উপজেলার চরমার্টিন ইউনিয়ন পরিষদের ৬ নম্বর ওয়ার্ডের সদস্য ও একই ইউনিয়ন যুবলীগের সাধারণ সম্পাদক। 

একইদিন বিকেলে কমলনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ফরিদুল আলম বিষয়টি নিশ্চিত করেন।

এরআগে গতকাল মঙ্গলবার রাতে নিজ এলাকা থেকে ইমানকে গ্রেপ্তার করা হয়। একই রাতে ২৫ জনের নাম উল্লেখ করে ও প্রায় ২৫০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে কমলনগর থানায় একটি মামলা দায়ের হয়েছে। তবে বাদীর নাম ও আসামিদের তালিকা প্রকাশ করতে রাজি হননি ওসি।

 

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, গত রবিবার (২৬ এপ্রিল) রাতে নদীর পাড়ে মোমবাতি জ্বালিয়ে শেখ হাসিনাকে ফেরাতে শপথ বাক্য পাঠ করেন উপজেলার চরকালকিনি ইউনিয়ন আওয়ামী লীগ ও যুবলীগের নেতাকর্মীরা।

পরদিন রাতে উপজেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক ও উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান ওমর ফারুক সাগর সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে এ বিষয়ের ২ মিনিট ৪১ সেকেন্ডের একটি ভিডিও প্রচার করেন। পরে মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সেই ভিডিওটি। এ ঘটনায় মামলা দায়ের হলে মঙ্গলবার ইমান আলীকে গ্রেপ্তার করা হয়।

 

এ বিষয়ে কমলনগর থানার ওসি ফরিদুল আলম বলেন, ‘প্রকাশিত ভিডিওটি আমাদের নজরে এসেছে।

এ ঘটনায় মামলা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত একজনকে গ্রেপ্তার করা হয়েছে। বাকিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তার আসামিকে বুধবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’