Image description

পশ্চিমবঙ্গে চলছে বিধানসভা নির্বাচনের দ্বিতীয় তথা শেষ দফার ভোট। ভাগ্য নির্ধারণ হবে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, শুভেন্দু অধিকারীসহ অনেক হেভিওয়েট প্রার্থীর। তবে এ দিনই নির্বাচন প্রক্রিয়া নিয়ে গুরুতর অভিযোগ তুলে সরব মমতা।

বিকাল ৪টার পর ভবানীপুরের মিত্র ইনস্টিটিউশনে ভোট দিতে গিয়ে মমতা অভিযোগ করেন, অবাধ ভোটের নামে দিনভর অত্যাচার চলেছে। তার দাবি, রাজ্যের বিভিন্ন জেলায় তৃণমূলের এজেন্টদের বের করে দেওয়া হয়েছে এবং মারধর করা হয়েছে নারী ও শিশুদের।

নির্বাচন কমিশনের নাম না করে তিনি প্রশ্ন তোলেন, ‘ইজ ইট ফ্রি অ্যান্ড ফেয়ার ইলেকশন?’ একই সঙ্গে আত্মবিশ্বাসী সুরে বললেন, ‘জীবনে এমন দেখিনি। তা সত্ত্বেও বলছি, তৃণমূলই জিতবে। দুই-তৃতীয়াংশ সংখ্যাগরিষ্ঠতা নিয়ে জিতব।’

এদিন তিনি কলকাতার একাধিক থানার ওসির বিরুদ্ধেও পক্ষপাতিত্বের অভিযোগ তোলেন। মমতার কথায়, ‘নদিয়ার বিভিন্ন এলাকা, হুগলির আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরো ক্যানিংয়ে অত্যাচার চালানো হয়েছে। গতকাল (মঙ্গলবার) রাত থেকে চলছে অত্যাচার।’

দ্বিতীয় দফার ভোটে নজরের কেন্দ্রে ভবানীপুর আসন, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায় মুখোমুখি শুভেন্দু অধিকারীর। ভোটের দিন সকাল থেকেই শুভেন্দুও বিভিন্ন বুথ পরিদর্শন করেন। তবে মমতার হঠাৎ বাড়ি থেকে বেরিয়ে বুথে বুথে ঘোরা চমক তৈরি করে রাজনৈতিক মহলে।

সেই বুথ ছাড়ার আগে মমতা অভিযোগ করেন, কেন্দ্রীয় বাহিনী জেলায় জেলায় তার দলের নেতাকর্মীদের নিশানা করছে। তিনি বললেন, ‘আমরা সবাই চাই নির্বিঘ্নে ভোট মিটুক। তবে বাইরে থেকে অনেক পুলিশ অফিসার নিয়ে এসেছে। তারা বাংলাকে বোঝে না। গতকাল রাতে অত্যাচার করেছে বাংলা জুড়ে।’