Image description

ডোপ পরীক্ষা দিতে হবে ভারতের দুই ক্রিকেটার অভিষেক শর্মা এবং অক্ষর প্যাটেলকে। ন্যাশনাল অ্যান্টি ডোপিং এজেন্সি বা নাডা ৩৪৮ জন খেলোয়াড়ের যে তালিকা প্রকাশ করেছে, তাতে রয়েছে টি-টোয়েন্টি বিশ্বকাপজয়ী ভারতীয় দলের এই দুই সদস্যের নামও।

নাডার টেস্টিং পুলে নাম থাকার মানে হলো, ডোপ পরীক্ষা দিতেই হবে। অভিষেক এবং অক্ষরকে তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে ভারতীয় দলের অন্য দুই ক্রিকেটারের পরিবর্তে। নাডা প্রথমে যে তালিকা প্রকাশ করেছিল, তাতে নাম ছিল শ্রেয়াস আইয়ার এবং স্মৃতি মান্ধানার। নতুন তালিকায় ভারতের দুই সহ-অধিনায়কের নাম নেই।

তালিকায় থাকা খেলোয়াড়দের তাদের সারা বছরের অবস্থান সম্পর্কে তথ্য দিয়ে রাখতে হয়। বছরের যে কোনও সময় পরীক্ষার জন্য তাদের নমুনা দিতে হতে পারে। অনেক ক্ষেত্রে নাডার কর্মীরা নমুনা নিতে খেলোয়াড়ের উল্লেখিত অবস্থানে পৌঁছে যান। নাডার নির্দিষ্ট সময়ে সংশ্লিষ্ট খেলোয়াড়দের আগে থেকে উল্লিখিত জায়গায় থাকতে হয়। পর পর তিন বার কোনো খেলোয়াড়কে নির্দিষ্ট জায়গা পাওয়া না গেলে বা নাডার নির্দেশ মতো নমুনা না দিলে তাকে ডোপ পরীক্ষায় ব্যর্থ হিসাবে বিবেচনা করা হয় এবং শাস্তিও দেওয়া হয়।

নাডার ২০২৬ সালের তালিকায় রয়েছেন শুবমান গিল, যশস্বী জয়সওয়াল, হার্দিক পান্ডিয়া, ঋষভ পান্ত, জাসপ্রীত বুমরাহ, লোকেশ রাহুল, অর্শদীপ সিং, তিলক ভার্মা, দীপ্তি শর্মা, শেফালি ভার্মা, রেণুকা সিংহ ঠাকুররা। তাদের সঙ্গে যুক্ত হয়েছে অভিষেক এবং অক্ষরের নাম।