Image description

চ্যাম্পিয়ন্স লিগ কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে বিতর্কিত এক সিদ্ধান্ত ঘিরে করা বার্সেলোনার আনুষ্ঠানিক অভিযোগ খারিজ করে দিয়েছে উয়েফা।

 

অ্যাটলেটিকো মাদ্রিদের ডিফেন্ডার মার্ক পুবিলের হ্যান্ডবল নিয়ে প্রশ্ন তুলে প্রতিবাদ জানিয়েছিল বার্সা। ঘটনাটি ঘটে যখন গোলরক্ষক হুয়ান মুসোর পাস থেকে বল নিয়ন্ত্রণ করতে গিয়ে পুবিল হাতে স্পর্শ করেন এবং পরে আবার বল স্পর্শ করেন।

 

ম্যাচ চলাকালীনই এই সিদ্ধান্ত নিয়ে বার্সেলোনা শিবিরে অসন্তোষ দেখা যায়। মাঠের খেলোয়াড় থেকে শুরু করে গ্যালারির সমর্থকরাও পেনাল্টির দাবি জানান। পরে ক্লাব কর্তৃপক্ষ আনুষ্ঠানিকভাবে উয়েফার কাছে অভিযোগ দাখিল করে।

 

তবে ইউরোপীয় ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা স্পষ্ট জানিয়ে দিয়েছে, ঘটনাটিতে শাস্তিযোগ্য কিছু ঘটেনি।

 

উয়েফার কন্ট্রোল, এথিক্স অ্যান্ড ডিসিপ্লিনারি বডি ১৩ এপ্রিল তাদের সিদ্ধান্তে বার্সার অভিযোগকে অগ্রহণযোগ্য ঘোষণা করে।

 

ফলে ম্যাচের ওই সিদ্ধান্ত বহাল থাকল এবং অ্যাটলেটিকোর পক্ষে রায়ই কার্যত চূড়ান্ত হলো।

 

এই সিদ্ধান্তের মাধ্যমে বিতর্কের ইতি টানলেও ঘটনাটি নিয়ে সমর্থকদের মধ্যে আলোচনা এখনও থামেনি।