বাংলাদেশ ক্রিকেট বোর্ডে (বিসিবি) গত দেড় বছরে এসেছে তিনজন সভাপতি- ফারুক আহমেদ, আমিনুল ইসলাম বুলবুলএবং গতকালের সর্বশেষ সংযোজন তামিম ইকবাল খান। দেশের রাজনৈতিক পালাবদলে এসেছে একের পর এক পরিবর্তন। তবে পিছিয়ে গেছে ক্রিকেট। আমিনুল ইসলামের ইতিহাসের ব্যর্থতম বোর্ড ভেঙে দিয়ে গতকাল অ্যাডহক কমিটির সভাপতি করা হয় তামিমকে।
বোর্ডের ক্ষমতা দখল নিয়ে চলমান ঘটনাপ্রবাহ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জাতীয় দলের সাবেক ক্রিকেটার আফতাব আহমেদ। সামাজিক যোগাযোগমাধ্যম এক ভিডিওবার্তায় আফতাব বলেছেন, বর্তমানে ক্রিকেট বোর্ডে যে পরিস্থিতি চলছে তা যেন ‘সার্কাসে’ পরিণত হয়েছে। তার ভাষায়, ‘যে পরিমাণ সার্কাস চলছে ক্রিকেট বোর্ডে, যদি ২ হাজার টাকা খরচ করে টিকেট কিনেন আপনার ওই টিকেট বৃথা যাবে না। এখন বাংলাদেশের সবচেয়ে বড় সার্কাস হচ্ছে ক্রিকেট বোর্ড।’
বর্তমানে যুক্তরাষ্ট্রে অবস্থান করা এই সাবেক ক্রিকেটার সেখানে ক্রিকেট বোর্ডের কার্যক্রমের উদাহরণ টেনে বলেন, ‘আমেরিকায় আজকে তিন বছর। আমেরিকার ক্রিকেট বোর্ড কোথায় সেটাই জানি না ভাই। ক্রিকেট বোর্ডের মেম্বার কে, ওটা জানা তো অনেক দূরের কথা। ক্রিকেট বোর্ডটা অ্যাকচুয়ালি কোথায় সেটাই জানি না। অথচ আমি ক্রিকেট নিয়ে প্রতিদিন কাজ করছি।’
শেষে হতাশা প্রকাশ করে আফতাব বলেন, ‘বাংলাদেশে কোনো মানুষের ব্যর্থতা নাই। কেন জানেন? আপনি না জানলেও আপনাকে জানিয়ে দেবে। মিডিয়া এমনভাবে ঢোল পিটায় যে আপনি জানতে না চাইলেও জানবেন। এই সার্কাস আর কতদিন চলবে জানি না। ক্রিকেট তো এখন আর নাই, সার্কাস আছে। সার্কাসটা দেখার জন্য আপনাদের সবাইকে অনুরোধ জানালাম।’