ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ কোনটি, এমন প্রশ্নে অনেকেই হয়তো ইংলিশ প্রিমিয়ার লিগ, স্প্যানিশ লা লিগা কিংবা জার্মান বুন্দেসলিগার নাম বলবেন। এমনকি ইতালিয়ান সিরি 'আ', ফ্রেঞ্চ লিগ 'আ', ডাচ লিগ এরিডিভিসি কিংবা পর্তুগালের প্রিমেরা লিগের কথাও কারও মনে উঁকি দিতে পারে।
তবে বিশ্লেষণভিত্তিক ফুটবল প্ল্যাটফর্ম অপটা অ্যানালিস্টের প্রতিবেদন বলছে, প্রতিদ্বন্দ্বিতার তীব্রতা আর লিগের ভেতরের ভারসাম্যসহ বেশ কিছু মানদণ্ডে ইউরোপের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ লিগ পোল্যান্ডের এক্সট্রাক্লাসা। এই লিগটিতে এমন প্রতিদ্বন্দ্বিতা তৈরি হয়েছে, যেখানে প্রায় প্রতিটি দলই অন্য যেকোনো দলকে হারাতে পারে।
পোলিশ লিগ ও ইউরোপের অন্যান্য লিগের তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে দ্য অ্যানালিস্ট দেখিয়েছে, মৌসুমের নির্দিষ্ট সময়ে পয়েন্ট তালিকায় দলগুলোর ভেতরে পয়েন্ট ব্যবধান, শক্তির ভারসাম্য ও সাম্প্রতিক ইতিহাস মিলিয়ে অন্য সবার চেয়ে এগিয়ে এক্সট্রাক্লাসা।
ইউরোপের বড় লিগগুলোর দিকে তাকালে সাধারণত দেখা যায় মৌসুমের মাঝামাঝি বা শেষ দিকে শিরোপার লড়াই সীমাবদ্ধ হয়ে পড়ে দুই বা তিনটি দলের মধ্যে। কিন্তু পোলিশ ফুটবলের শীর্ষ লিগ এক্সট্রাক্লাসায় চিত্র ভিন্ন। এখানে খেলে ১৮টি ক্লাব। এর মধ্যে ২৬ ম্যাচ শেষে ৪৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে লেচ পোজনান। কিন্তু শীর্ষ পাঁচের বাকি চার দল আছে পাঁচ পয়েন্টের মধ্যেই এবং মাত্র আট পয়েন্ট ব্যবধানের মধ্যে অবস্থান করছে শীর্ষ আটটি দল।
অথচ ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষে থাকা আর্সেনাল এখন দ্বিতীয় স্থানধারী ম্যানচেস্টার সিটির চেয়ে ১৫ পয়েন্টে এগিয়ে। লা লিগায় বার্সেলোনা রিয়ালের চেয়ে এগিয়ে ৪ পয়েন্টে, তবে অন্য দলগুলোর সঙ্গে ব্যবধান কমপক্ষে ১৫ পয়েন্টের। পোলিশ লিগে পয়েন্ট তালিকায় দলগুলোর এমন স্বল্প ব্যবধানই বুঝিয়ে দেয় যে তাদের শক্তিমত্তা কাছাকাছি, ম্যাচের ফল অনুমান করা কঠিন এবং প্রতিটি ম্যাচই লিগ টেবিলের অবস্থান বদলে দিতে পারে।
এই লিগে দলগুলোর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা বেশি বলে সব দলই পয়েন্ট হারায়। পয়েন্ট তালিকায় যারা শীর্ষে অবস্থান করছে, তারাও এরই মধ্যে ৩৪ পয়েন্ট হারিয়েছে। এই সবার পয়েন্ট হারানোর প্রবণতার কারণে ১৫ নম্বরে থাকা লেগিয়া ওয়ারশকেও এখন পর্যন্ত শিরোপা লড়াই থেকে ছিটকে দেওয়া যাচ্ছে না। গাণিতিক হিসাব-নিকাশে ৩০ পয়েন্টধারী দলটিও আছে সম্ভাব্য চ্যাম্পিয়নের খাতায়। যার ফলে বলা যায় এখানকার শিরোপা দৌড়ে এখনো টিকে আছে ১৫টি দল।
শক্তির ভারসাম্যের আরেকটি বড় সূচক হলো গোল পার্থক্য। বড় লিগগুলোতে প্রায়ই দেখা যায় শীর্ষ দলগুলো +৩০ বা +৪০ গোলে এগিয়ে থাকে এবং নিচের দলগুলো অনেক বড় ব্যবধানে পিছিয়ে থাকে। কিন্তু পোলিশ লিগে গোল পার্থক্য খুবই কম এবং অনেক দলেরই গোল ব্যবধান কাছাকাছি। যেমন শীর্ষে থাকা পোজনানের গোলব্যবধান ৯, দুইয়ে থাকা লুবিনের ১০, তিনে থাকা বিয়াউইস্তকের ৯, চারে থাকা গর্নিকের ৪ এবং পাঁচে থাকা ভিসুয়া পুয়ৎস্কের ৩। এই চিত্রটি স্পষ্ট করে যে ম্যাচগুলো অত্যন্ত প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ হয় এবং এখানে বড় ব্যবধানে জয়ের পরিমাণ খুবই কম।
২৬ রাউন্ড শেষে এক্সট্রাক্লাসা পয়েন্ট তালিকার দিকে তাকালে দেখা যায়, ৪৪ পয়েন্ট নিয়ে ১ নম্বরে আছে লেচ পোজনান (ম্যাচ ২৬, জয় ১২, ড্র ৮, হার ৬, গোল পার্থক্য +৯)। ৪১ পয়েন্ট নিয়ে ২ নম্বরে জাগুয়েম্বিয়ে লুবিন (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৮, হার ৭, গোল পার্থক্য +১০)। সমান ৪১ পয়েন্ট নিয়ে ৩ নম্বরে ইয়াগিয়েলোনিয়া বিয়াউইস্তক (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৮, হার ৭, গোল পার্থক্য +৯)। ৩৯ পয়েন্ট নিয়ে ৪ নম্বরে আছে গর্নিক জাব্রেজ (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৬, হার ৯, গোল পার্থক্য +৪)। সমান ৩৯ পয়েন্ট নিয়ে ৫ নম্বরে ভিসুয়া পুয়ৎস্ক (ম্যাচ ২৬, জয় ১০, ড্র ৯, হার ৭, গোল পার্থক্য +৩)। ৩৮ পয়েন্ট নিয়ে ৬ নম্বরে রাকুফ চেঁস্তোখোভা (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৫, হার ১০, গোল পার্থক্য +২)। ৩৭ পয়েন্ট নিয়ে ৭ নম্বরে মোটর লুব্লিন (ম্যাচ ২৬, জয় ৯, ড্র ১০, হার ৭, গোল পার্থক্য -৩)। ৩৬ পয়েন্ট নিয়ে ৮ নম্বরে কোরোনা কিয়েলৎসে (ম্যাচ ২৬, জয় ১০, ড্র ৬, হার ১০, গোল পার্থক্য +৪)। সমান ৩৬ পয়েন্ট নিয়ে ৯ নম্বরে কেএস ক্রাকোভিয়া (ম্যাচ ২৬, জয় ৯, ড্র ৯, হার ৮, গোল পার্থক্য +৩) এবং ১০ নম্বরে জিকেএস কাতোভিৎসে (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৩, হার ১২, গোল পার্থক্য ০)। ৩৫ পয়েন্ট নিয়ে ১১ নম্বরে পিয়াস্ট গ্লিউইস (ম্যাচ ২৬, জয় ১০, ড্র ৫, হার ১১, গোল পার্থক্য -১)। ৩৪ পয়েন্ট নিয়ে ১২ নম্বরে লেকিয়া ডানস্ক (ম্যাচ ২৬, জয় ১১, ড্র ৬, হার ৯, গোল পার্থক্য +৩) এবং ১৩ নম্বরে পগোন শ্চেচিন (ম্যাচ ২৬, জয় ১০, ড্র ৪, হার ১২, গোল পার্থক্য -৪)। ৩৩ পয়েন্ট নিয়ে ১৪ নম্বরে রাদোমিয়াক রাদম (ম্যাচ ২৬, জয় ৮, ড্র ৯, হার ৯, গোল পার্থক্য +২)। ৩০ পয়েন্ট নিয়ে ১৫ নম্বরে লেগিয়া ওয়ারশ (ম্যাচ ২৬, জয় ৬, ড্র ১২, হার ৮, গোল পার্থক্য -১) এবং ১৬ নম্বরে অর্কা ডিনিয়া (ম্যাচ ২৬, জয় ৮, ড্র ৬, হার ১২, গোল পার্থক্য -১৯)। ২৯ পয়েন্ট নিয়ে ১৭ নম্বরে উইডজেউ উচ (ম্যাচ ২৬, জয় ৮, ড্র ৫, হার ১৩, গোল পার্থক্য -৩) এবং ২২ পয়েন্ট নিয়ে সবার নিচে ১৮ নম্বরে অবস্থান করছে নাইসিইজা (ম্যাচ ২৬, জয় ৫, ড্র ৭, হার ১৪, গোল পার্থক্য -১৮)।
পোলিশ লিগে কে চ্যাম্পিয়ন হবে, তা আগাম অনুমান করা খুবই কঠিন। লা লিগা, প্রিমিয়ার লিগ বা বুন্দেসলিগায় যেভাবে অনায়াসে দুই-তিনটি দলের নাম বলে দেওয়া যায়, সেটা এক্সট্রাক্লাসায় মোটেও করা যায় না। কারণ, প্রায় প্রতিবছরই এখানে চ্যাম্পিয়ন বদলে যায়। সর্বশেষ সাত মৌসুমে যেমন ৫টি ভিন্ন ভিন্ন দল চ্যাম্পিয়ন হয়েছে। যার মধ্যে পোজনান ও ওয়ারশ দুবার করে এবং একবার করে চ্যাম্পিয়ন হয়েছে বিয়াউইস্তক, চেঁস্তোখোভা ও গ্লিউইস। অর্থাৎ বুন্দেসলিগায় বায়ার্ন মিউনিখ, লিগ আতে পিএসজি বা লা লিগায় রিয়াল বা বার্সার যে আধিপত্য দেখা যায়, তেমন কোনো একচেটিয়া আধিপত্য এই লিগে কারও নেই।
পোলিশ ক্লাবগুলোর এই অভ্যন্তরীণ প্রতিদ্বন্দ্বিতার পাশাপাশি তাদের ফুটবলের উন্নতি এখন ইউরোপীয় মঞ্চেও দৃশ্যমান হচ্ছে। গত মৌসুমে জাগওয়েমবিয়ে বিয়াওয়িস্তক এবং লেগিয়া ওয়ারশ উয়েফা কনফারেন্স লিগের কোয়ার্টার ফাইনালে খেলেছে। উয়েফার এই তৃতীয় সর্বোচ্চ প্রতিযোগিতাটিতে সর্বশেষ মৌসুমে অংশ নিয়েছে মোট চারটি পোলিশ ক্লাব। ২০২১-২২ মৌসুমে কনফারেন্স লিগ শুরু হওয়ার পর একমাত্র ইংলিশ ক্লাবগুলো ছাড়া আর কোনো দেশের ক্লাব পোলিশ ক্লাবগুলোর চেয়ে বেশি জয় পায়নি। এই প্রতিযোগিতায় পোল্যান্ড, ইতালি ও বেলজিয়াম—প্রতিটি দেশেরই জয় এখন পর্যন্ত ৩৭টি করে, যেখানে সবার উপরে থাকা ইংল্যান্ডের জয় ৪১টি।