Image description

দুটি ম্যাচ, দুটি জয়, আর মাঝখানে দীর্ঘ নীরবতা। মৌরিতানিয়া ও জাম্বিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে আর্জেন্টিনা জিতলেও, মাঠের বাইরে সবচেয়ে বেশি আলোচনায় ছিলেন একজনই; তাদের অধিনায়ক লিওনেল আন্দ্রেস মেসি।

 

এই দুই ম্যাচের পর সরাসরি কোনো মন্তব্য করেননি আর্জেন্টাইন অধিনায়ক। তবে নীরবতা ভাঙলেন নিজের মতো করেই—সামাজিক মাধ্যমে পোস্ট দিয়ে।

 

ইনস্টাগ্রামে একটি ছোট বার্তা দেন ফুটবল জাদুকর, কিন্তু সেটাই যেন বড় ইঙ্গিত।

 

“Argentina siempre”—বাংলায় যার অর্থ, ‘আর্জেন্টিনা সবসময়’। সঙ্গে ছিল দেশের পতাকার ইমোজি।

 

 

সংক্ষিপ্ত এই বার্তা এখন নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। কারণ, মেসির বিশ্বকাপ খেলা নিয়ে এখনও নিশ্চিত কিছু জানা যায়নি।

 

লা বোম্বোনেরায় জাম্বিয়ার বিপক্ষে ৫-০ গোলের বড় জয় দিয়ে আন্তর্জাতিক বিরতি শেষ করেছে আর্জেন্টিনা। এর আগে মৌরিতানিয়াকে হারিয়েছে ২-১ ব্যবধানে। এই দুই ম্যাচেই মেসি আলোচনায় ছিলেন—বিশেষ করে জাম্বিয়ার বিপক্ষে তার করা দৃষ্টিনন্দন গোলের জন্য।

 

তবু ম্যাচ শেষে কথা বলেননি তিনি। কোনো সংবাদ সম্মেলন নয়, কোনো সরাসরি প্রতিক্রিয়াও নয়।

 

 

Historia Messi

 

তার বদলে এই এক লাইনের বার্তাই এখন ভক্তদের কাছে সবচেয়ে বড় ক্লু।

 

৩৮ বছর বয়সি মেসি আগামী জুনে ৩৯-এ পা দেবেন। সামনে বিশ্বকাপ—যেখানে খেললে সেটি হবে তার ক্যারিয়ারের ষষ্ঠ বিশ্বকাপ। ইতোমধ্যে তিনি খেলেছেন ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮ ও ২০২২ আসরে।

 

এই মুহূর্তে তার ক্যারিয়ার গোলসংখ্যা ৯০০ ছাড়িয়েছে, আর লক্ষ্য আরও বড়—নিজেকে ফিট রাখা এবং সম্ভব হলে আরেকটি বিশ্বকাপে নেতৃত্ব দেওয়া।

 

আর্জেন্টিনা কোচ লিওনেল স্কালোনিও বিষয়টি নিয়ে খুব সাবধানে কথা বলেছেন। তার ভাষায়, মেসি খেলবেন কি না, সেটি পুরোপুরি তার নিজের সিদ্ধান্ত।

 

‘সে যদি সিদ্ধান্ত নেয়, সেটা আমাদের জন্য সৌভাগ্যের হবে। আমরা সবাই তাকে দেখতে চাই। তবে চূড়ান্ত সিদ্ধান্ত তারই,’ বলেছেন স্কালোনি।

 

এই কথাগুলোই পরিস্থিতিটাকে আরও স্পষ্ট করে—সবকিছু এখন মেসির হাতে।