কুমিল্লার দেবিদ্বার উপজেলার ভৈষেরকোট ইসলামিয়া দাখিল মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচনকে কেন্দ্র করে বিএনপি ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) সমর্থিত দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (২ এপ্রিল) মাদ্রাসা প্রাঙ্গণে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথাকাটাকাটির একপর্যায়ে সংঘর্ষ শুরু হয়। পরে স্থানীয় প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনীর হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই সংঘর্ষের মধ্যেই নির্বাচন সম্পন্ন হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির। তবে এ বিষয়ে বিএনপি বা এনসিপি সমর্থিত দুই পক্ষের কারও বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
জানা গেছে, সংঘর্ষের মধ্যেই মাদ্রাসার অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়। নির্বাচনে অভিভাবক সদস্য (দাখিল) পদে মো. সবুজ খান ও মোতালেব হোসেন, অভিভাবক সদস্য (এবতেদায়ী) পদে মফিজুল ইসলাম ও হারুনুর রশীদ এবং সংরক্ষিত মহিলা অভিভাবক সদস্য পদে মোছা. নাজমা আক্তার নির্বাচিত হন। নির্বাচনের ফলাফল ঘোষণা করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর।
মাদ্রাসার সুপারিনটেনডেন্ট আবদুল হক বলেন, নির্বাচনে বিএনপি-সমর্থিত তিনজন এবং এনসিপি-সমর্থিত দুই প্রার্থী বিজয়ী হয়েছেন। মারামারি মাদ্রাসায় হয়নি, বাইরের একটি পুকুরপাড়ে হয়েছে। পুলিশ পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
দেবিদ্বার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনির বলেন, সংঘর্ষের ঘটনায় কেউ গুরুতর আহত হয়নি এবং পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হয়েছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও প্রিসাইডিং কর্মকর্তা দেওয়ান মোহাম্মদ জাহাঙ্গীর বলেন, সাময়িক উত্তেজনা সৃষ্টি হলেও পরবর্তীতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ সম্পন্ন হয় এবং নির্বাচন প্রক্রিয়া সুষ্ঠুভাবে শেষ হয়েছে।